ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড এবং তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মলিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র সাত কার্যদিবসের মধ্যে এ মামলায় আল-আমিনকে ফাঁসি এবং ইউনুছ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এ ছাড়া আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুছ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


























