বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে শিল্পাঞ্চল গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুরসহ বিভিন্ন উপায়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শনিবার দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এরপর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলনের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা তাদের দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।


















