টানা দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের মে মাসে জারি করা নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের পর পুঁজিবাজারে আইসিবির শেয়ারদর ৪ দশমিক ৯৪ শতাংশ কমে ৩২ টাকা ৭০ পয়সায় নেমে এসেছে।
এদিকে বিএসইসির মার্জিন বিধিমালা ২০২৫ অনুযায়ী, আজ থেকে আইসিবির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের মার্জিন ঋণ সুবিধা না দিতে স্টকব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করে আইসিবির পরিচালনা পর্ষদ।
প্রতিষ্ঠানটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আইসিবির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৪ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এ বছর লোকসান কিছুটা কমেছে।
অন্যদিকে ৩০ জুন ২০২৬ শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ টাকা ৪৫ পয়সা।
একই সময়ে আইসিবির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের অর্থবছরের ১০ টাকা ৩১ পয়সা থেকে কমে ৮ টাকা ৯৬ পয়সায় দাঁড়িয়েছে।



















