বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি ক্রিকেটে বিদেশি কোনো দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। বুধবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছান তাওহীদ। এই মাঠে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জিতেছিল। তাওহীদ ছিলেন সেই দলের শিরোপা সারথীদের একজন। ছয় বছর পর সেই পচেফস্ট্রুমে ফিরে তাওহীদ অনন্য, অসাধারণ, অনবদ্য ব্যাটিংয়ে ট্রিপল সেঞ্চুরি পেলেন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড তাওহীদ নিজের করে নিয়েছেন। ভেঙেছেন ২৩ বছর আগের রেকর্ড। ২০০৩ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন। সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ হয়ে কোনো ব্যাটসম্যানের একমাত্র ডাবল সেঞ্চুরি। আগের দিন ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর আজ প্রথম সেশনে শাহরিয়ার হোসেনকে ছাড়িয়ে যান তাওহীদ।
দ্বিতীয় সেশনে তাওহীদ পৌঁছে যান ট্রিপল সেঞ্চুরিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড আছে তামিম ইকবাল ও রাকিবুল হাসানের। দুজনই করেছেন ঘরোয়া ক্রিকেটে। তামিম ২০১৯-২০ মৌসুমে বিসিএলে ইষ্ট জোনের হয়ে ৩৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এর আগে রাকিবুল হাসান ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে করেছিলেন ৩১৩ রান। তাওহীদ এই তালিকায় নাম লিখে ফেললেন। দেখার বিষয় তামিম ও রাকিবুলকে ছাড়িয়ে যেতে পারেন কিনা ব্যাটার।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রান
তাওহীদ হৃদয় (৩০০)
শাহরিয়ার হোসেন (২১৮)
জাভেদ ওমর (১৭৩)
জাকির হাসান (১৭৩)
জাকের আলী (১৭২)
বিস্তারিত আসছে …

























