নিরাপদে নগদ বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, এসব হিসাব শুধুমাত্র বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবের বিপরীতে কোনো সুদ দেয়া হবে না। নির্ধারিত সীমা নির্বিশেষে, ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখার শর্তে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করা যাবে।
নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। পাশাপাশি, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে এসব হিসাব থেকে অর্থ উত্তোলন করা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ওভারড্রাফট বা ঋণসুবিধা দেয়া যাবে না।
এ ছাড়া এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স লেনদেন এবং তৃতীয় পক্ষের অনুকূলে কোনো লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ খাতে পরিচালনগত ঝুঁকি কমার পাশাপাশি নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালন আরও জোরদার হবে।




















