মাঠে ইংল্যান্ডের ক্রিকেটারদের পারফরম্যান্সের পাশাপাশি এখন বারবার সামনে আসছে মাঠের বাইরের বিতর্ক। ব্রাইডন কার্সের সর্বশেষ ঘটনায় সেই আলোচনাই নতুন করে জোরালো হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতে, এবার এমন শাস্তির নজির তৈরি করা দরকার, যা পুরো ইংল্যান্ড ক্রিকেটকে সতর্ক করে দেবে।
শনিবার রাতে ডারহামে সতীর্থদের সঙ্গে সময় কাটানোর সময় এক ঘটনায় পুলিশের হাতে আটক হন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়। এর মধ্যেই পাকিস্তানের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সনি বেকার।
কার্সের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে ভন অবশ্য এটিকে আলাদা কোনো ঘটনা হিসেবে দেখছেন না। গত এক বছরে ইংল্যান্ডের ক্রিকেটারদের জড়িয়ে একাধিক মাঠের বাইরের বিতর্ক সামনে এসেছে। তার মতে, এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার কঠোর সিদ্ধান্ত নেয়া জরুরি।
বিবিসি রেডিওকে ভন বলেন, ‘এমন শাস্তি প্রয়োজন, যা পুরো ইংল্যান্ড দল থেকে শুরু করে দলের সঙ্গে যুক্ত সবাইকে সতর্ক করবে। খেলোয়াড়দের বুঝতে হবে, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।’
এর আগে গত অক্টোবরে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি নাইটক্লাবেও বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। অ্যাশেজ চলাকালে অস্ট্রেলিয়ায় বেন ডাকেটকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।
এরপর চলতি বছরের শুরুতে দলের নির্ধারিত কারফিউ ভাঙার ঘটনায় বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনের নাম আসে। লন্ডনের একটি নাইটক্লাবে তাদের সাথে ইংল্যান্ডের এক নিরাপত্তাকর্মীও মারধরের শিকার হন।
তবে কার্সের প্রতি পুরোপুরি কঠোর অবস্থান নেননি ভন। তার মতে, গত কয়েক মাসের একাধিক ঘটনার দায় যেন শেষ পর্যন্ত শুধু কার্সের ওপর গিয়ে না পড়ে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আচরণ বন্ধ করতে একটি স্পষ্ট দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
ভনের মতে, ইংল্যান্ড ক্রিকেটকে এমন একটি বার্তা দিতে হবে, যাতে সবাই বুঝতে পারে, দলের সুনাম ক্ষুণ্ন করে এমন আচরণ আর সহজভাবে নেয়া হবে না।


























