বাজারে যেখানে তেলের দাম শুনলেই সাধারণ মানুষের কপালে ভাঁজ পড়ে, সেখানে মাত্র ১০ টাকা হাতে নিয়ে গেলে মিলছে ২ থেকে ৫ লিটার তেল! শুনতে অবিশ্বাস্য মনে হলেও নড়াইলে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন রুস্তম আলী নাইম।
কেউ প্রথমবার শুনে বিশ্বাস করতে চাননি। কেউ আবার ভাবছেন, এত কম দামে তেল দেওয়ার রহস্যটা কী? কিন্তু বাস্তবে অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে তেল তুলে দিচ্ছেন নাইম—মাত্র ১০ টাকায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Nayeem Bhai’ নামে তার পেজে এসব কার্যক্রমের ভিডিও প্রকাশের পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন, আবার কেউ কেউ প্রশংসা করেছেন তার উদ্যোগের।
নাইমের এই উদ্যোগের পেছনের গল্পটাও আরও চমকপ্রদ। লাভের হিসাব নয়, তার লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। বিশেষ করে ভ্যানচালক ও দিনমজুরদের কথা মাথায় রেখেই তিনি শুরু করেছেন এই কার্যক্রম।
নাইম বলেন, সারাদিন রোদ-বৃষ্টিতে পরিশ্রম করে যারা পরিবার চালান, তাদের জন্য বাজারদরের তুলনায় কম দামে প্রয়োজনীয় কিছু পণ্য দিতে পারলে সেটাকেই তিনি নিজের জন্য বড় পাওয়া মনে করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই উদ্যোগের খরচ তিনি নিজের সামর্থ্য অনুযায়ী বহন করছেন বলে জানান। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থে নয়, নিজের অর্থ দিয়েই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
তবে ১০ টাকার তেলেই থেমে থাকতে চান না নাইম। ভবিষ্যতে সামর্থ্য বাড়লে চাল, ডাল, তেলসহ আরও প্রয়োজনীয় পণ্য নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
তার প্রত্যাশা, তার এই ছোট্ট উদ্যোগ দেখে অন্যরাও যেন মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হন। কারণ তার কাছে মানুষের জন্য কিছু করার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় বিষয়।
নাইম বলেন, মানুষের সেবা করতে চান, মানুষের ভালোবাসা অর্জন করতে চান। আর মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য।
মাত্র ১০ টাকার এই উদ্যোগ হয়তো অর্থের হিসাবে ছোট। কিন্তু একজন মানুষের জীবনে একটু স্বস্তি এনে দেওয়ার হিসাবে—এর মূল্য হয়তো অনেক বেশি।


























