ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া শাহরিয়ার চৌধুরী ইমন অল্প সময়ের ক্যারিয়ারেই ‘সালমান শাহ’ নামে হয়ে উঠেছিলেন কোটি দর্শকের প্রিয় তারকা। প্রায় তিন দশক ধরে তিনি নেই, তবু তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং নতুন প্রজন্মের কাছেও তিনি এখনো স্টাইল, আবেগ ও ভালোবাসার এক অনন্য নাম।
সালমান শাহর সঙ্গে কাজের স্মৃতি রয়েছে অভিনেত্রী দিলারা জামানেরও। তাকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা এখনো মনে রেখেছেন এই অভিনেত্রী। সালমানের সঙ্গে দুটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান। অভিনেত্রী বলেন, তখন সালমান শাহ মাত্র যৌবনে পা দিয়েছেন কি দেননি এমনই বয়স। দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন। সালমানকে দেখলেই মায়া লাগত, ভালো লাগত।
সালমান তখনও আজকের মতো জনপ্রিয় হয়ে ওঠেননি। শুরুর সেই সময়টায় প্রায়ই মায়ের সঙ্গে শুটিংয়ে আসতেন তিনি। দিলারা জামানের চোখের সামনে ধীরে ধীরে সেই তরুণ হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয় এক তারকা। সালমান শাহর অকালমৃত্যুর প্রসঙ্গে দিলারা জামান বলেন, তার চলে যাওয়ার বিষয়টি কেউই মেনে নিতে পারেননি। অন্য সবার মতো আমিও শোনার ভীষণ কষ্ট পেয়েছিলেন এবং হতবাক হয়েছিলাম।
সালমানের মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, তার আপনজন, যারা তাকে ভালোবাসেন এবং তার দর্শকদের মতো তিনিও চান প্রকৃত সত্য সামনে আসুক। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি সবাই সত্যিকার অর্থে জানতে চান।
দিলারা জামানের কাছে সালমান শাহর অকালমৃত্যু শুধু একজন তারকার চলে যাওয়া নয়, এটি দেশের জন্যও বড় ক্ষতি। তার মতে, অল্প সময়ের ক্যারিয়ারেই সালমান নিজের চেষ্টা ও মেধা দিয়ে যে অবস্থান তৈরি করেছিলেন, তা ছিল অসাধারণ।
একজন শিল্পীর সাফল্যের প্রসঙ্গে নিজের উপলব্ধিও তুলে ধরেন দিলারা জামান। তার মতে, কোনো শিল্পী যদি শুধু খ্যাতির পেছনে না ছুটে নিজের কাজকে ভালোবাসেন, আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করেন এবং কাজটিকে প্রার্থনা বা উপাসনার মতো করে নেন, তাহলে অল্প সময়ের মধ্যেও তিনি সালমান শাহর মতো দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা অর্জন করতে পারেন।


























