মিশরে ইসরায়েলবিরোধী বক্তব্য বাড়ছে এবং দেশটির সামরিক সক্ষমতা সম্প্রসারিত হচ্ছে—এমন অভিযোগ তুলে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সাবেক মোসাদ উপপ্রধান ও বর্তমান নেসেট সদস্য রাম বেন-বারাক। ইসরায়েলি রেডিও স্টেশন ১০৩এফএমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
সাবেক এই ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, মিশরের সামরিক সম্প্রসারণ এবং দক্ষিণ সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়া উচিত। এসব বিষয় ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করছে।
মারিভ-সংশ্লিষ্ট রেডিও স্টেশনটি জানিয়েছে, ‘বেন-বারাক উপস্থাপক বেন কাসপিত ও আরিয়েল কাহানাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মিশরের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তি থাকা সত্ত্বেও এমন কিছু অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটছে, যার কারণে ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।’
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কোনো যৌক্তিক কারণ ছাড়াই মিশরের সামরিক বাহিনীর সম্প্রসারণ ইসরায়েলের দিকে পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে, অন্য কোনো দেশের দিকে নয়। তিনি সিনাইয়ে ‘কথিত কিছু লঙ্ঘন’ এবং মিশরে বাড়তে থাকা ইসরায়েলবিরোধী প্রবণতার কথাও উল্লেখ করেন।
বেন-বারাক বলেন, পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতি জোরদার করা এবং সব ধরনের সম্ভাবনার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ইসরায়েলি রেডিও স্টেশনটি জানায়, সাক্ষাৎকারে বেন-বারাক সিরিয়ায় তুরস্কের বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক তৎপরতার খবর নিয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘সিরিয়ায় তুরস্কের জড়িত হওয়ার চেষ্টা এবং সেখানে বিমান শনাক্তকরণ ব্যবস্থা ও রাডার মোতায়েনের উদ্যোগ ইসরায়েলের পক্ষে মেনে নেয়া কঠিন এবং বিষয়টি উপেক্ষা করা উচিত নয়।’ তবে তুরস্কের সঙ্গে উত্তেজনা ও সহিংসতা এড়িয়ে চলার ওপর জোর দেন তিনি। সিরিয়ার সঙ্গে এমন নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের প্রভাব কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি, যাতে তুরস্কের সামরিক উপস্থিতি না থাকে।
বেন-বারাক বলেন, ‘নেতৃত্বের ভূমিকা হলো সংঘাতের অবসান ঘটানো, নতুন সংঘাত শুরু করা নয়। তবে তুরস্ক ইসরায়েলের ওপর হামলা চালালে ইসরায়েলের জবাব হবে চূড়ান্ত।’
এনএ


























