বলিউড অভিনেতা শাহরুখ খানের অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও কম আলোচনা নেই। কিং খানের ব্যবহারে মুগ্ধ হননি, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন তারকা হিনা খান এমনই অভিজ্ঞতা ভাগ করেছেন একটি পডকাস্টে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে হিনা খানের তখন মাত্র দেড় বছরের ক্যারিয়ার। ‘ইয়ে রিস্তা কেয়া কহলাতা হে ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করছিলেন তিনি। আর এ সময় বিমানে আচমকাই পাশের সিটে শাহরুখ খানকে দেখতে পান হিনা।
হিনা জানান, শাহরুখ তখন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলেন। কফি পানের জন্য যখন চোখ খুলতেই হিনা তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। শাহরুখ ‘অপেক্ষা করো, দিচ্ছি’ বলে কফি শেষ করে ফের ঘুমিয়ে পড়েন। বিমান অবতরণের পর হিনা ভেবেছিলেন আর মনে হয় ছবি তোলা যাবে না। কিন্তু তাকে অবাক করে শাহরুখ নিজেই উঠে দাঁড়িয়ে হিনাকে ডেকে ছবি তোলেন। এমনকি পরে বাসে করে যাওয়ার সময়ও ক্লান্তি সত্ত্বেও একেবারে শেষ সিটে গিয়ে শুয়ে পড়েন তিনি। অভিনেত্রী বলেন, তখন একটানা সিনেমার প্রচারে কয়েক দিন না ঘুমিয়েও তিনি যে ব্যবহার করেছিলেন সেটা হিনার মনে থাকবে আজীবন।
প্রসঙ্গত, স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। তবে তিনি থেমে নেই মডেলিং, রিয়েলিটি শো আর ওটিটি সব মিলিয়ে অভিনেত্রী দারুণ ব্যস্ত সময় পার করছেন। তিনি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন কাজের খবর দেন। সেই সঙ্গে ক্যানসারের সঙ্গে তার লড়াই নিয়েও বিভিন্ন পোস্ট করেন।

























