ওয়াশিংটন খুব শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে তিনি তেহরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘তুচ্ছ বিষয়’ বলে বর্ণনা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আনাদোলুর খবরে বলা হয়, এই সংঘাতকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা উচিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি এটিকে ‘সামরিক সংঘাত’ বলতেই বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘অনেকেই এটাকে যুদ্ধ বলেন না। আমি এটাকে সামরিক সংঘাত বলি, কারণ এটা আমাদের জন্য তুচ্ছ বিষয়। এটা কোনো বড় ব্যাপার নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন লড়াই করছি না। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং ইরানের সামরিক সক্ষমতার ওপর হামলা চালাচ্ছে।’ যুক্তরাষ্ট্র কৌশলগত জলপথ রক্ষাকারী ইরানের রাডার, বিমান এবং অন্যান্য ব্যবস্থা ধ্বংস করেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রেখেছে এবং ওয়াশিংটন ইসরায়েল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যকে রক্ষা করেছে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তাদের পারমাণবিক অস্ত্র থাকবে না। এটাই আমরা করেছি। ইরানের পারমাণবিক অস্ত্র যদি থাকত, তাহলে আপনারা সম্ভবত এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না। আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্সে আঘাত হানতে পারি।’
সংঘাত কখন শেষ হবে জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি কোনো সময়সীমা দিতে পারবেন না, তবে ওয়াশিংটন ইতোমধ্যেই তার প্রধান উদ্দেশ্য অর্জন করেছে বলে উল্লেখ করেন তিনি।
























