বিয়ে করলেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ও নির্দেশক মহসিনা আক্তার। গত ২১ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে তাদের। স্বামী ইরফান উদ্দিন, তিনি পেশায় একজন সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী।
মহসিনা ও ইরফান দু’জনই ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’র সঙ্গে যুক্ত। জানা গেছে, দু’জন একসঙ্গে মঞ্চে কাজ করতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তারপর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে।
রোববার (২৩ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যমকে মহসিনা বলেন, ইরফান একজন সংবেদনশীল মানুষ। আর মানুষ ও সোসাইটিকে আমি যেভাবে দেখি, সে-ও একইভাবে দেখে। এ কারণে একসঙ্গে পথচলার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
মহসিনার স্বামী ইরফান ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া ‘বিনোদিনী’, ‘দ্য টেল অব সাদ’, ‘দ্য সানফ্লাওয়ার’সহ কয়েকটি কনটেন্টের সিনেমাটোগ্রাফিও করেছেন। তার লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়ালেখা করতে যাওয়ার কথা।
এদিকে ২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন মহসিনা। এরপর জামিল আহমেদের নেতৃত্বে স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাট্যদল গঠন হয়। দলটিতে মহসিনা ও ইরফান প্রতিষ্ঠাতা সদস্য।
মহসিনা অভিনীত নাটকগুলো হচ্ছে- ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’, ‘আমি বীরাঙ্গনা বলছি’। মঞ্চের বাইরে ‘জয়া আর শারমিন’ সিনেমায়ও দেখা গেছে তাকে। পাশাপাশি ‘তবুও জেগে উঠি’, ‘ইন্দুর-বিলাই খেল’, ‘শেষরক্ষা’সহ কয়েকটি নাট্য নির্দেশনাও দিয়েছেন এ অভিনেত্রী।


























