নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের হৃদয়বিদারক দৃশ্য নাড়া দিয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেছেন, নেপাল থেকে আসা ধ্বংসযজ্ঞের ছবি ও ভিডি সহ্য করা যায় না।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) নিজের ব্লগে অমিতাভ বচ্চন প্রথমে রাখি বন্ধন উপলক্ষে ভাই-বোনের ভালোবাসা ও বন্ধনের গুরুত্ব তুলে ধরেন। এরপরই তিনি নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ আনেন।
অমিতাভ লেখেন, নেপালের বন্যায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞের ছবি সামনে আসছে, তা দেখা সত্যিই অসহনীয়। প্রকৃতির ক্রোধের সঙ্গে লড়াই করা মানুষের পক্ষে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলেন তিনি।
এদিকে নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ বন্যার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। এখন পর্যন্ত ৬২৬ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। দুর্গত এলাকায় চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। নতুন করে বন্যার আশঙ্কাও রয়েছে। ভারতের মত প্রতিবেশী দেশগুলো ত্রান আর সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছে নেপালের।
ভয়াবহ বন্যায় নেপালের এই বিপর্যয়ে বলিউডের আরও অনেক তারকা উদ্বেগ প্রকাশ করেছেন। সঞ্জয় দত্ত, ফারহান আখতার, ভূমি পেডনেকর ও সোনু সুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গতদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন।


























