চট্টগ্রামে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রির কাজ আটকে রাখা হয়। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেয়ার বিনিময়ে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুস দাবি করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে তিনি দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযোগ অনুযায়ী ২ লাখ টাকা ঘুস গ্রহণের সময় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের এবং পরে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।


























