চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণে কৃষক প্রতিনিধিদের মতামত না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তারা কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধান-চালের ন্যায্য ও যৌক্তিক ক্রয়মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, খাদ্যমন্ত্রী জানান- গত বছরের তুলনায় কেজিপ্রতি ১ টাকা বাড়িয়ে ধান কেনা হবে কিন্তু সিদ্ধ এবং আতপ চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমিয়ে কৃষকদের কাছ থেকে তা সরাসরি সংগ্রহ করা হবে। যদি প্রয়োজন হয় তবে এর চেয়েও বেশি ধান ও চাল সরকার কিনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই দাম নির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে কৃষক প্রতিনিধিদের কোনো মতামত নেয়ার প্রয়োজনীয়তা তারা বোধ করেননি। তা ছাড়া একতরফা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তা নির্ধারণ করা কতখানি যৌক্তিক? কৃষককে বেশি দামে সার ক্রয় করতে হয়েছে, এ ছাড়া সারের সংকট তো রয়েছেই। ডিজেলের দাম বাড়ায় সেচের খরচও বেড়েছে।
বিবৃতিতে নাগরিকরা জানান, সার্বিকভাবে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ ভাগ বেড়েছে। কিন্তু সরকারের ক্রয়মূল্য নির্ধারণে এগুলো কোনোটাই বিবেচনায় নেয়া হয়নি। ধানের ক্ষেত্রে ১ টাকা বাড়ালেও সিদ্ধ চালের ক্ষেত্রে তা ১ টাকা কমানো হয়েছে। আর বিদ্যমান বাজারদরের তুলনা করলে সহজেই বোঝা যায় সরকারি আমলারা ধান ও চালের যে দাম নির্ধারণ করেছেন তা বাজারদর থেকে অনেক কম এবং এর মধ্য দিয়ে দৃশ্যমানভাবে কৃষকদের ঠকানোর বন্দোবস্ত পাকাপাকি করেছেন। এ অবস্থায় প্রকৃত কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তাদের জীবিকাও হুমকির মুখে পড়বে।
আগামী বোরো মৌসুমে ধান উৎপাদনেও এর বিরূপ প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা করেন। তারা জানান, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঋণ করে এ আবাদ করে থাকেন। এ ক্ষতি তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবেন না। তাই সরকার কর্তৃক ক্রয়ের পূর্বে এ মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রকৃত অবস্থা বিবেচনায় নিয়ে সঠিক মূল্য নির্ধারণ করা অপরিহার্য। আর কৃষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন কৃষি-প্রতিবেশ অঞ্চল, নারী-পুরুষ, আদিবাসী এবং ছোট ও প্রান্তিক কৃষকদের সক্রিয় অংশগ্রহণ বিবেচনায় নিতে হবে। বিদ্যমান অর্থনৈতিক ও বাজার সংকট থেকে কৃষককে বাঁচাতে সরকারকে জরুরি প্রয়োজনমতো উৎপাদক কৃষক, বিশেষত ছোট, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের মূল্য-সমর্থন ভর্তুকির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নাহলে কৃষকরা আর শস্যপণ্য উৎপাদনে আগ্রহী হবেন না কিংবা টিকেও থাকতে পারবেন না। তাই সরকারের প্রতি আহ্বান জানাই, প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারে কৃষকের ফসলের যে ন্যায্যমূল্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে অবিলম্বে ধান-চাল সংগ্রহের জন্য সরাসরি কৃষক প্রতিনিধিদের সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় ধানের দাম নির্ধারণ বিষয়ে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতে ন্যায্য ন্যূনতম মূল্য পুনঃনির্ধারণ করতে হবে।
ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কমপক্ষে ২ গুণ করতে হবে এবং তার যথাযথ বাস্তবায়ন কঠোর নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য রোধ এবং দুর্নীতির পথ বন্ধ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আনু মুহাম্মদ, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, নারীপক্ষের শিরীন পারভিন হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক জোবাইদা নাসরীন ও অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ ২৯ জন বিশিষ্ট নাগরিক।






















