শুক্রবার প্রকাশিত এক সমীক্ষার তথ্য অনুযায়ী, অক্টোবরে মার্কিন ভোক্তাদের মনোভাব কিছুটা নিম্নমুখী হয়েছে এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে এতে তীব্র পতন দেখা গেছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা মনোভাব সূচক এই মাসে ৪৬.৩-এ দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরের ৪৮.১ থেকে কম।
যদিও এটি ছিল একটি সামান্য মাসিক পতন, প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, “নিম্ন আয়ের ভোক্তা এবং যাদের শেয়ার পোর্টফোলিও ছোট, তাদের মনোভাব তীব্রভাবে হ্রাস পেয়েছে।”
সমীক্ষার পরিচালক জোয়ান সু আরও বলেন যে, মূল্যবৃদ্ধি মোকাবিলা করার মতো সামর্থ্য ওই গোষ্ঠীগুলোর কম রয়েছে।
“জীবনযাত্রার ব্যয় নিয়ে হতাশা বেড়েই চলেছে, কারণ রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল ভোক্তাই মনে করেন যে বছরের শুরু থেকে অর্থনীতির গতিপথ দুর্বল হয়ে পড়েছে,” তিনি বলেন।
অক্টোবর মাসের ভোক্তা মনোভাবের সূচক গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ কম ছিল।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ব্যয় বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির প্রত্যাশা কিছুটা বেড়ে গেছে।
হসু বলেছেন, এ মাসে আগামী বছরের মূল্যস্ফীতির প্রত্যাশা ৪.৬ শতাংশ থেকে বেড়ে ৪.৭ শতাংশ হয়েছে।
ফেব্রুয়ারিতে প্রকাশিত ৩.৪ শতাংশের তুলনায় এটি যথেষ্ট বেশি। ওই সময়ে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার জেরে তেহরান হরমুজ প্রণালী অবরোধ করে, যার ফলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে যায়।
এরপর থেকে মার্কিন পেট্রোল পাম্পগুলোতে দাম ব্যাপকভাবে বেড়েছে, যার ফলে এই বর্ধিত ব্যয়ের প্রভাব মার্কিন অর্থনীতিতেও ছড়িয়ে পড়েছে।


























