ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন বিষয়ক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে যে যুদ্ধ এখন চলছে, আমরা এই যুদ্ধে জিতলেই তেলের দাম কমতে শুরু করবে। আমরা জিতব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা যুদ্ধে জিতছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত। এর বিনিময়ে আমারও কিছু পাওয়া উচিত। ট্রাম্প প্রণালি।’
তিনি বলেন, ‘ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এটি ‘ট্রাম্প প্রণালি’ নামে পরিচিত হবে—আমি এ বিষয়ে ঘোষণা দেব। আমরা এটিকে ‘ট্রাম্প প্রণালি’ বলব। আর আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এ খবরে খুবই খুশি হবে।’
ট্রাম্প বলেন, ইরান ‘ভেঙে পড়ছে’। তার ভাষায়, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে এসেছে, কিন্তু এখন আর সেই অবস্থায় নেই।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলা চালাতে পারে। সেখানে সামান্য নড়াচড়া হয়েছে বলে কেউ একজন জানানোর পর বিষয়টি নজরে এসেছে বলে দাবি করেন তিনি। ওই এলাকায় কী ধরনের তৎপরতা চলছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সবকিছু জানে বলেও দাবি করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা ঠিক কী ঘটছে তা জানি। ইরানকে আমি পরামর্শ দেব, বিষয়টি নিয়ে চালাকি না করতে। কারণ আমাদের তাদের ওপর খুব কঠোর হামলা চালাতে হবে। আমাদের আর কোনো উপায় নেই, তাই না? আমরা ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দিতে পারি না। বিষয়টি খুবই সহজ।’
হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করলেন। এর আগে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারক সই করেছিল। এতে বৃহত্তর শান্তি চুক্তির পথে প্রথম ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার খুলে দেয়ার বিষয়ে একটি চুক্তির কথা বলা হয়েছিল।


























