যুদ্ধ ছাড়াই কি কোনো দেশ তার প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হতে পারে? বর্তমান বিশ্বে সামরিক শক্তিই যে প্রভাব বিস্তারের একমাত্র হাতিয়ার নয়, তুরস্ক-ইসরায়েল উত্তেজনার পরিস্থিতি যেন তারই উদাহরণ। কারণ, সরাসরি যুদ্ধের বদলে ধৈর্য, সংযম, কূটনীতি এবং কৌশলগত সম্পর্কের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করা সম্ভব।
গেল ১৮ আগস্ট সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলের হামলার পর তেল আবিব ও আঙ্কারার পাল্টাপাল্টি সতর্কবার্তা নতুন করে প্রশ্ন তুলেছে- তুরস্ক ও ইসরায়েল কি সিরিয়ায় সরাসরি যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে?তুরস্কের সামরিক বহর বড় হলেও ইসরায়েলের প্রযুক্তি, সামরিক শক্তি, কূটনীতি ও শক্তিশালী গোয়েন্দা কার্যক্রমের কাছে সরাসরি লড়াইয়ে ঝুঁকি রয়েছে। তাই যুদ্ধ এড়িয়ে বিকল্প পথ বেছে নিয়েছে আঙ্কারা।
আসাদের পতনের পর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে বন্ধুভাবাপন্ন সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে তুরস্ক। একই সঙ্গে লেবানন ও লোহিত সাগর এলাকায় প্রভাব বাড়াচ্ছে। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করছে আঙ্কারা।
তুরস্কের কৌশল হলো—ইসরায়েলে সরাসরি কোনো হামলা না চালিয়েও আঞ্চলিক সুবিধাজনক অবস্থান সুসংহত করা। বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক, প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং প্রতিরক্ষামূলক জোটের মাধ্যমে ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি করা।
এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র সিরিয়া। তুরস্ক চায় সিরিয়া হোক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। অন্যদিকে ইসরায়েল চায় দুর্বল ও সীমাবদ্ধ সিরিয়া। তেল আবিব যখনই ধারণা করেছে, সিরিয়াকে সামরিক বা বেসামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক, তখনই হামলা চালিয়েছে। তবে মৌখিক ও কাগুজে সতর্কবার্তা ছাড়া প্রত্যক্ষ অভিযানে জড়ায়নি আঙ্কারা। বরং ধৈর্য ধরে কৌশল বদলেছে।
সিরিয়ার পাশাপাশি অন্য ফ্রন্টেও কৌশল কাজে লাগাচ্ছে তুরস্ক। এর অংশ হিসেবে সোমালিয়াতেও প্রভাব বাড়াচ্ছে আঙ্কারা। ‘ক্যাম্প টার্কসম’-এর মাধ্যমে সোমালি সেনাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এডেন উপসাগরেও তুরস্কের উপস্থিতি শক্তিশালী। ফলে বাব আল-মানদেব প্রণালির ওপর সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও তৈরি হয়েছে পরোক্ষ প্রভাব।
লোহিত সাগরের পশ্চিম তটে অবস্থিত পোর্ট সুদানও তুরস্কের কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে সামরিক ঘাঁটি না থাকলেও সেনাসমর্থিত সুদান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আঙ্কারার। লেবাননেও কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবানন সরকারের হাতে সব অস্ত্রের নিয়ন্ত্রণ দেয়ার প্রস্তাব নিয়ে ভাবছে তুরস্ক।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ও যুদ্ধের বাইরে শক্ত অবস্থানের প্রতিফলন। একই সঙ্গে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও কার্যকর কেন্দ্রীয় সরকারের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত বোঝাপড়াও আঙ্কারার জন্য গুরুত্বপূর্ণ।
তবে সংযম মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তুর্কি সেনা বা ভূখণ্ড আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার আঙ্কারার রয়েছে। কিন্তু সেই সীমিত আত্মরক্ষাকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।
তুরস্কের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অবস্থান তখনই তৈরি হবে, যখন যুদ্ধ ছাড়াই ইসরায়েলকে ঠেকিয়ে রাখা যাবে, সিরিয়াকে শক্তিশালী করা যাবে এবং নতুন নতুন অংশীদার তৈরি করা যাবে। এটি আত্মসমর্পণ নয়—বরং শক্তির ওপর ভর করে রাখা কৌশলগত ধৈর্য।


























