অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এনডিটিভি থেকে জানা যায় বুধবার (২ সেপ্টেম্বর) বোম্বে হাইকোর্ট সিবিআইকে এফআইআর নথিভুক্ত করে ঘটনাটির বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুম্বাই পুলিশকে মামলার সব নথিপত্র সিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসিক ভবনের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক দিন আগে এই ঘটনা ঘটে। ওই সময় মুম্বাই পুলিশ তার মৃত্যুর ঘটনায় ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদন নথিভুক্ত করেছিল।
দিশার বাবা সতীশ সালিয়ান পরে তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বোম্বে হাইকোর্টে আবেদন করেন। তার দাবি ছিল, তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছিল, দিশার মৃত্যু আত্মহত্যার ঘটনা এবং হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বিচারপতি সারং কোটওয়াল ও বিচারপতি রণজিৎ সিংহ রাজা ভোঁসলের বেঞ্চ সিবিআইকে সতীশ সালিয়ানের বক্তব্য রেকর্ড করে এফআইআর করার নির্দেশ দিয়েছে। তদন্তের জন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেয়ার কথাও বলা হয়েছে।
আদালত স্পষ্ট করে জানিয়েছে, তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা যাবে না। তদন্তে কোনো অপরাধের প্রমাণ না মিললে সিবিআই আদালতে উপযুক্ত চূড়ান্ত প্রতিবেদন দিতে পারবে। সেই প্রতিবেদনের বিরোধিতা করার অধিকারও দিশার বাবার থাকবে। আদালত আরও উল্লেখ করেছে, দিশার মৃত্যুর পাঁচ বছর পরও তাঁর পরিবার ময়নাতদন্তের প্রতিবেদন ও দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদনের কপি পায়নি।


























