কন্নড় অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমার ঝলক প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। এর মধ্যেই সিনেমাটির আগে প্রচার অনুষ্ঠান ঘিরে শনিবার (২২ আগস্ট) হায়দরাবাদে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনুষ্ঠানে বিপুল ভিড়ের মধ্যে আহত হয়েছেন দুই শিক্ষার্থী।
এনডিটিভি থেকে জানা যায়, হায়দরাবাদের মল্লা রেড্ডী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যশকে দেখতে বিপুলসংখ্যক শিক্ষার্থী জড়ো হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, যশ মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে কথা বলার সময় একটি খুঁটির ওপর উঠে পড়েন। দর্শকরা যাতে তাকে স্পষ্টভাবে দেখতে পারেন, সে কারণেই তিনি সেখানে উঠেছিলেন বলে জানা গেছে। তবে কিছুক্ষণ পর খুঁটিটি হেলে পড়ে। পরে সেটি ভিড়ের মধ্যে থাকা দুই তরুণের ওপর গিয়ে পড়ে বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের সহায়তায় দ্রুত এগিয়ে আসেন উপস্থিত লোকজন। ঘটনাস্থলে থাকা পুলিশও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার আগে কয়েকজন যুবককে সাউন্ড সিস্টেমের খুঁটির ওপর উঠতে দেখে সতর্ক করেছিলেন যশ। তাকে বলতে শোনা যায়, “সাবধানে! ওখানে ঠিক আছ তো তোমরা? দয়া করে দেখো সকলে। পড়ুয়ারা নীচে নেমে এসো।” এরপরও তিনি বারবার শিক্ষার্থীরা নিরাপদে আছেন কি না, তা জানতে চান।
হায়দরাবাদের ওই অনুষ্ঠানে যশ ছাড়াও উপস্থিত ছিলেন কিয়ারা আদভাণী, হুমা কুরেশী ও রুক্মিণী বসন্ত। তবে নয়নতারা ও তারা সুতারিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত যশের পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


























