সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিদ্যমান অর্থ ফেরত দেয়ার স্কিমের নির্ধারিত সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তারা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বৈঠক করেন।
বৈঠক শেষে গভর্নর আমানতকারীদের মুনাফার ওপর কোনও ধরনের হেয়ারকাট থাকবে না বলে স্পষ্ট নির্দেশনা দেন। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে দেয়া নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন। এ বিষয়ে ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন সমৃদ্ধ সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।



















