প্রায় আট বছর আগে ঢাকার একটি স্বনামধন্য জুয়েলারি শপের একটি শোরুম থেকে ১০ হাজার টাকায় একটি হীরার নাকফুল কিনেছিলেন মিরপুরের বাসিন্দা সাবিনা আক্তার। তখন দোকানে থাকা হীরা পরীক্ষার একটি যন্ত্র দাবি করে সেটার মাধ্যমে পরীক্ষা করে দোকানিরা দেখান যে সেটি আসল হীরা।
মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাকফুলটি ব্যবহার করে বাকি সময় সযত্নে রেখে দেন সাবিনা। কিন্তু যতই দিন গড়াতে থাকে, নাকফুলের পাথর (হীরার অংশ) ধীরে ধীরে রং পরিবর্তন হয়ে কিছুটা কালচে ভাব ধারণ করে। তিনি মনে করেন, হয়তো বেশিদিন হয়ে গেছে, তাই হীরার উজ্জ্বলতা কমে গেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আসল হীরার উজ্জ্বলতা কমার প্রশ্নই ওঠে না।
সাবিনা আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘শখের বশে তখন মোটামুটি ভালো দাম দিয়েই নাকফুলটি কিনেছিলাম; ভেবেছিলাম আসলই। কিন্তু এখন দেখছি হীরা কালচে হয়ে যাচ্ছে। ল্যাবে পরীক্ষা করলে নকলই প্রমাণিত হবে। সেটা হলেই বা কী আর করা, এটা ভেবে পরীক্ষাও করছি না।’
দু-তিন বছর আগে ঢাকার আরেকটি জুয়েলারি দোকান থেকে আট হাজার টাকায় একটি হীরার নাকফুল কিনেছিলেন মিতি হাসান। এটি ব্যবহারের এক বছর না যেতেই একটু ভেঙে যাওয়ায় পরিচিত এক স্বর্ণালংকার তৈরির দোকানে নিয়ে গিয়েছিলেন। তখন ওই দোকানি তাঁকে জানিয়েছিলেন, তাঁর নাকফুলে যে পাথরটি ব্যবহার করা হয়েছে সেটা তো হীরা নয়ই, এমনকি কোনো কাচও নয়। ওটা একটা প্লাস্টিকের বানানো স্টোন। এই ঘটনায় ফেসবুকে নকল হীরা নিয়ে করা একটি পোস্টে মন্তব্য করেছিলেন মিতি হাসান।
সেখানে তিনি আরো বলেন, ‘নাকফুলটি যে আসল হীরার না, সেটা জানার পরে যে দোকান থেকে কিনেছিলাম, ওখানে মেমো নিয়ে গিয়েছিলাম এক্সচেঞ্জ করতে। উনারা বলে দিয়েছে যে, ডায়মন্ডের এক্সচেঞ্জ হয় না। তখন একদম নিশ্চিত হয়ে গেছি যে স্বর্ণের দোকানি আংকেল যেটা বলেছেন, সেটাই সত্যি।’
শুধু সাবিনা আক্তার কিংবা মিতি হাসানই নন, গত বৃহস্পতিবার কালের কণ্ঠে ‘নকল হীরায় বাজার সয়লাব’ শিরোনামে সংবাদ প্রকাশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, তারা বিগত দিনে যেসব হীরার গহনা কিনেছিল, সেগুলো কি আসল, নাকি কাচের তৈরি নকল?
বাংলাদেশে হীরার খনি নেই, উৎপাদনও নেই। ২০১৮ সালের পর বৈধ আমদানিও প্রায় শূন্য। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে হীরা আমদানি ছিল শূন্যের কাছাকাছি। অথচ হীরার বাজারের আকার এখন ১১ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল পরিমাণ হীরা কোথা থেকে আসছে?
আর বর্তমানে বাজারে যেসব হীরা বিক্রি করা হচ্ছে, তার বেশির ভাগই হয় চোরাচালানের মাধ্যমে আসা, নয়তো ল্যাবে তৈরি নকল হীরা (মোজানাইট, জারকন) বা কাচ, যা আসলের নামে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে এক ক্যারেট (০.২ গ্রাম) হীরার দাম ৮৩ হাজার টাকা থেকে শুরু, মানভেদে দাম চার-পাঁচ লাখ টাকা ক্যারেটও ছাড়িয়ে যেতে পারে। অথচ দেশের অনেক দোকানে পাঁচ হাজার টাকায় ‘হীরা’র নাকফুল বিক্রি করা হচ্ছে। এত কম দামে আসল হীরা পাওয়া সম্ভব নয় বলে বিশেষজ্ঞদের মত।
গত বৃহস্পতিবার কালের কণ্ঠে খবর প্রকাশের পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। হীরার দোকানিদের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছে। একজন লিখেছেন, ‘কত দিন এভাবে প্রতারণা চলবে? কাচ কিনে হীরা ভেবে ঘরে নিয়ে যাচ্ছি আমরা।’
আরেকজন ফেসবুকের কমেন্টে বলেন, ‘ল্যাবে পরীক্ষা করিয়ে দেখুন, বেশির ভাগই মোজানাইট বা জারকন।’ এসজিএল ল্যাবের পরীক্ষায়ও আসল ও নকল দুই-ই পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, অবৈধ চোরাচালানের মাধ্যমে প্রতিদিন ২০০ থেকে ২৫০ কোটি টাকার এবং বছরে প্রায় ৭৩ হাজার কোটি থেকে ৯১ হাজার ২৫০ কোটি টাকা সমমূল্যের স্বর্ণ ও ডায়মন্ডের অবৈধ লেনদেন বা পাচার হয়ে থাকে। কিন্তু এসবের বিষয়ে দায়িত্বরত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা দেখা যায় না বলে অভিযোগ রয়েছে। নকল ডায়মন্ড ক্রয়কারী ভুক্তভোগীরা বলছে, যদি বিএসটিআই ও ক্যাবের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো নিয়মিত অভিযান চালাত, তাহলে শত শত মানুষ ডায়মন্ডের নামে কাচ কিনে প্রতারণার শিকার হতো না।
ভুক্তভোগীরা বলছে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেশে ডায়মন্ড বিক্রির প্রতিষ্ঠান কতটি? তাদের কতটির নিজস্ব বা স্বীকৃত ল্যাব সনদ রয়েছে? গত কয়েক বছরে ডায়মন্ড নিয়ে ভোক্তাদের অভিযোগ কতটি জমা পড়েছে? কতটি প্রতিষ্ঠানে অভিযান হয়েছে? কত টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযোগগুলোর কতটি প্রমাণিত হয়েছে? এসব প্রশ্নের উত্তর খুবই জরুরি।
এদিকে বড় বড় জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে নকল হীরা বিক্রির অভিযোগ রয়েছে। তবে সিআইডি ও দুদক তাদের বিরুদ্ধে তদন্ত চালানোয় ক্রেতারা এখন কিছুটা সতর্ক। অনেকে বলছে, ‘এখন থেকে কোনো হীরা সনদ ছাড়া কিনব না।’
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হীরার নামে কাচ কিনে লাখো মানুষ প্রতারিত হচ্ছে। বাজার স্বচ্ছ না হলে এই প্রতারণার শিকার আরো বাড়বে।
মেয়েদের একটি প্রাইভেট ফেসবুক গ্রুপে (এস ফর স্প্যারোস) সায়মা চৌধুরী মেধা নামের এক ফেসবুক ব্যবহারকারী কালের কণ্ঠে নকল হীরার বিষয় নিয়ে প্রকাশিত সংবাদটি শেয়ার করে লেখেন, ‘আসলেই বাংলাদেশের হীরার নাকফুলগুলো আদৌ কি রিয়াল হীরা? আমার ভাই বিদেশ থেকে এনেছিলেন একটি ছোট্ট হীরা, যার দাম ৫০ হাজার টাকা পড়েছিল। আর বাংলাদেশে দেখি পাঁচ বা আট হাজার টাকা দিয়ে হীরা পাওয়া যায়।’
এই পোস্টের কমেন্টে আরিয়া তাহসিন প্রভা নামের একজন লেখেন, ‘বাংলাদেশে কাচ দেয়, হীরা না।’
এসংক্রান্ত অন্য একটি পোস্টে নাহার দীপা নামের আরেকজন ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লেখেন, ‘আমিও এটাই সব সময় ভাবতাম যে ইতালিতে হীরার এত দাম, কিন্তু বাংলাদেশে এত কমে কিভাবে দেয়? পরে দেখি যে বাংলাদেশের এগুলো হীরাই নয়।’
তামান্না নামের আরেকজন লেখেন, ‘সিঙ্গাপুর থেকে একটা স্টোন সবচেয়ে ছোট যেটা, সেটাই আমাদের পড়ে ৪০ হাজার টাকার বেশি, তা-ও চার বছর আগের দাম। এখন এত কম দামে কিভাবে দেয়!’
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) হীরার অলংকার কেনার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সারা দেশে ক্রেতাদের অধিক সতর্ক হওয়ার আহবান জানিয়ে আসছে অনেক আগে থেকেই। ২০২৩ সালের ডিসেম্বরে সংগঠনটি এ বিষয়ে সতর্ক হতে এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, একটি প্রতারকচক্র ডায়মন্ড হাউস নামে বিভিন্ন স্থানে ভুঁইফোড় বিক্রয়কেন্দ্র খুলছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে হীরার অলংকার না কেনার পরামর্শ দিয়েছে বাজুস।
হীরার অলংকার কেনাবেচার বিষয়েও কিছু নির্দেশনা দেয় সংগঠনটি। তারা বলেছে, ৫০ সেন্টের ওপর সব ধরনের হীরার গহনার ক্ষেত্রে বাধ্যতামূলক সনদ প্রদান করতে হবে। হীরার গহনায় ১৮ ক্যারেটের কম মানের স্বর্ণ ব্যবহার করা যাবে না। বিক্রির সময় ক্যাশ মেমোতে গুণগত মান নির্দেশক উল্লেখ করতে হবে।
ভোক্তা অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহবান
নকল হীরার গহনা বিক্রির প্রতারণা থেকে ক্রেতাসাধারণকে বাঁচতে বিষয়টি ধরা পড়লে চুপ না থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হওয়া এবং নিয়মিত অভিযোগ দায়ের করার আহবান জানিয়েছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। কালের কণ্ঠকে তিনি বলেন, প্রতারণার শিকার হয়েও অনেকে আইনের প্রতি বা আদালতের প্রক্রিয়া নিয়ে নেতিবাচক ধারণার কারণে অভিযোগ না করে চেপে যায়। এই সুযোগে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে তাদের অপরাধের মাত্রা ও ব্যাপ্তি আরো বেড়ে যাচ্ছে।
নাজের হোসাইন জানান, বিএসটিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি তালিকার বাইরে সাধারণত পদক্ষেপ নিতে পারে না। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেলে প্রশাসন বিষয়টিকে গুরুত্বসহকারে আমলে নেয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সম্প্রতি সংশ্লিষ্ট অধিদপ্তরে ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া আরো গতিশীল হবে এবং অভিযোগগুলো নলেজে এলে তাঁরা দ্রুত অ্যাকশনে যাবেন। এ ছাড়া সংবাদমাধ্যমে এসংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়া প্রতিকার পাওয়ার একটি বড় মাধ্যম হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
নাজের হোসাইন আরো বলেন, ক্যাবের কাছেও প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে প্রচুর অভিযোগ আসে। তবে বর্তমানে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি সতর্ক করে বলেন, অনেকেই না জেনে ফেসবুকের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কেনাকাটা করছে। বিশেষ করে পাঁচ হাজার টাকার জিনিস মাত্র ৫০০ টাকায় দেওয়ার মতো অবিশ্বাস্য অফার দেখে না বুঝে অনেকে অগ্রিম টাকা দিয়ে পণ্য কিনে ফেলছে।
এই ধরনের প্রতারণা অংকুরেই বিনষ্ট করার জোর দাবি জানিয়ে ক্যাব সহসভাপতি বলেন, এখনই এই অপরাধ প্রতিরোধ করার উপযুক্ত সময়। তিনি ক্রেতাদের ফেসবুক বা অন্যান্য অনলাইন মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে অন্ধভাবে বিশ্বাস না করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখে, শুনে ও জেনে পণ্য কেনার জোরালো পরামর্শ দেন।






















