স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে সাধারণ ভোক্তাদের জন্য খোলাবাজারে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির একটি নতুন পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারি কোনো ভর্তুকি ছাড়াই এ উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি জানান, নতুন এ উদ্যোগটি বর্তমান সরকারের চিন্তাধারা থেকেই শুরু হয়েছে। প্রাথমিকভাবে ভোজ্যতেল দিয়ে ৩ থেকে ৪ মাসের জন্য পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম চালু করা হবে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ থেকে আমদানি করা ২০ হাজার টন ভোজ্যতেলের প্রথম চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
টিসিবি চেয়ারম্যান বলেন, এ কার্যক্রমে সরকারের কোনও ভর্তুকি থাকবে না। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার থেকে তুলনামূলক কম মূল্যে পণ্য সংগ্রহ করে কম মুনাফায় তা সাধারণ ভোক্তার কাছে বিক্রি করা হবে। এর ফলে প্রচলিত বাজারদরের তুলনায় প্রতি ইউনিটে প্রায় ১০ থেকে ১২ টাকা কম দামে পণ্য পৌঁছে দেয়া সম্ভব হতে পারে। ভোজ্যতেলের বাজার চাঙা ও দাম বেশি থাকায় এটি দিয়ে শুরু করা হলেও পরবর্তীতে ডাল ও চিনি কম দামে সংগ্রহ করতে পারলে তাও এ তালিকায় যুক্ত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, এটি টিসিবির চলমান ভর্তুকিমূল্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিকল্প নয়, বরং একটি অতিরিক্ত সেবা। যে কেউ এই খোলাবাজারের পণ্য কিনতে পারবেন। প্রথম চালানের বিক্রয় সাফল্য ও বাজার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে পরবর্তীতে কার্যক্রমটির পরিধি ও পণ্যের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
চলতি বাজেটের বরাদ্দের ভেতরেই এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান টিসিবি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, উন্মুক্ত বাজারে টিসিবির এই প্রতিযোগিতামূলক উপস্থিতি সামগ্রিক নিত্যপণ্যের দাম কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।




















