দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের গহনার দাম বাড়ায় এই দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
এর আগে গত শুক্রবার এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এই দাম কমানোর ২৪ ঘণ্টার ব্যবধানে এখন একই পরিমাণ দাম বাড়ানো হলো।
এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।




















