পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম বৃদ্ধি এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে গাজীপুরে প্রান্তিক খামারিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন । এ সময় বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শিমুলতলা পোলট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় খামারিরা অভিযোগ করেন, সম্প্রতি পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম বস্তাপ্রতি প্রায় ১০০ থেকে ১১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে উৎপাদন খরচের তুলনায় ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রান্তিক খামারিরা লোকসানের মুখে পড়েছেন। তারা দাবি করেন, খাদ্যের বাড়তি দাম কমানো, ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় অনেক খামারি ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন ।
শিমুলতলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মাসুদ ও সাধারণ সম্পাদক রাসেল শেখের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে আশপাশের এলাকার পোলট্রি খামারি, ডিম ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশ নেন।
মানববন্ধন শেষে খামারিরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচলে সাময়িক বন্ধ হয়ে যায়।
একেএম




















