পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা। সেখান থেকে কামরাঙ্গীরচর ও রায়েরবাজার হয়ে গাবতলী। রাজধানীর ভেতরের ব্যস্ত সড়ক এড়িয়ে যানবাহন চলাচলের এমন একটি পথ তৈরির উদ্যোগ এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচরের লোহারপুল পর্যন্ত সরু সড়ক আট লেনে উন্নীত করা হচ্ছে। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি অংশ নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা গাবতলীমুখী যানবাহন এই বিকল্প পথ ব্যবহার করতে পারবে।
এই পথের সুবিধা শুধু দূরপাল্লার যাত্রীদের জন্য নয়। যেসব যানবাহনের গন্তব্য ঢাকার কেন্দ্রীয় এলাকা নয়, সেগুলো শহরের ভেতরের সড়ক এড়িয়ে যেতে পারলে স্থানীয় যানবাহনের ওপরও চাপ কমবে। একই সড়কে নগরবাসীর দৈনন্দিন যাতায়াত আর আন্তজেলা যানবাহনের চলাচল মিলে যে চাপ তৈরি হয়, তার একটি অংশ সরে যাবে রাজধানীর দক্ষিণ-পশ্চিম প্রান্তের এই পথে। তবে এর সুফল নির্ভর করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রায়েরবাজার থেকে গাবতলী পর্যন্ত অংশের ওপর। সড়কের এই অংশটি উন্নয়নের জন্য এখন সওজের নিয়ন্ত্রণে আছে বলে ডিএনসিসির এক কর্মকর্তা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাস্তবায়নাধীন ইনার সার্কুলার রিং রোডের প্রথম ধাপের ভৌত অগ্রগতি ৫২ শতাংশ। রায়েরবাজার–লোহারপুল অংশের কাজ শেষ করার নতুন সময়সীমা আগামী বছরের জুন। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত দ্বিতীয় ধাপ বাস্তবায়নে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২০০ কোটি টাকা।
তবে প্রথম ধাপ শেষ হলেই পোস্তগোলা থেকে গাবতলী পর্যন্ত পুরো বিকল্প পথের সুবিধা মিলবে না। এ জন্য দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পাশাপাশি রায়েরবাজার থেকে গাবতলীমুখী সংযোগও কার্যকর থাকতে হবে। প্রথম ধাপের নির্মাণকাজ চলছে, আর দ্বিতীয় ধাপ এখনো অনুমোদনের অপেক্ষায়।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, করপোরেশনের অন্য কাজগুলোর মধ্যে এই কাজের অগ্রগতি বেশি ভালো। নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ সরকার শিগগিরই অনুমোদন দেবে বলে তিনি আশা করছেন।
দৃশ্যমান হচ্ছে প্রশস্ত সড়ক
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রায়েরবাজার থেকে লোহারপুল পর্যন্ত প্রকল্প এলাকার পুরো অংশে কাজ চলছে। একসময়ের সরু সড়কের জায়গায় ১২০ ফুট চওড়া পথের অবয়ব দৃশ্যমান হয়েছে। তবে সব জায়গায় কাজের অবস্থা এক নয়। কোথাও সড়কের বিভিন্ন স্তর তৈরি হচ্ছে, কোথাও চলছে সংশ্লিষ্ট অবকাঠামোর কাজ। প্রশস্ত সড়কের জায়গা তৈরি হলেও পুরো পথ এখনো নির্মাণাধীন।
প্রথম ধাপের মূল সড়কটি ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ। পরিকল্পনা অনুযায়ী মাঝের চার লেন হবে এক্সপ্রেসওয়ে। দুই পাশের চার লেন থাকবে সার্ভিস রোড বা স্থানীয় যানবাহন চলাচলের জন্য। ফলে দূরপাল্লার গাড়ির চলাচল ও আশপাশ এলাকার মানুষের যাতায়াতের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। মূল পথের সঙ্গে স্থানীয় সড়ক যুক্ত করতে নির্মাণ করা হচ্ছে দুই কিলোমিটার সংযোগ সড়ক।
সড়কের এই বিন্যাসে একজন দূরপাল্লার যাত্রী মূল চার লেন ধরে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে স্থানীয় যানবাহন চলবে পাশের সার্ভিস রোডে। পথচারীর জন্য থাকবে ফুটপাত ও পারাপারের সেতু। বাস থামার নির্ধারিত জায়গাও রাখা হয়েছে, যাতে যাত্রী ওঠানামার ব্যবস্থা সড়কের পরিকল্পনার মধ্যেই থাকে। প্রকল্পে দুই পাশে মোট ১০ কিলোমিটার ফুটপাত ও ১০ কিলোমিটার নর্দমা (ড্রেন), তিনটি যানবাহন পারাপারের ওভারপাস ও তিনটি পদচারী–সেতু রয়েছে। বাস থামার ছয়টি নির্ধারিত স্থান ও ছয়টি যাত্রীছাউনিও নির্মাণের কথা। এসব সুবিধা স্থানীয় বাসিন্দাদের সড়ক ব্যবহারের সুযোগ বাড়াবে।
প্রকল্পের অগ্রগতির নথি অনুযায়ী, ফুটপাত ও ড্রেনের সমন্বিত কাজ হয়েছে সাড়ে ছয় কিলোমিটার। মূল সড়কের ১ দশমিক ৭০ কিলোমিটার অংশে বিটুমিনের একটি স্তর দেওয়া হয়েছে। তিনটি ওভারপাসের কলাম নির্মাণ শেষ হয়েছে; গার্ডার তৈরির কাজও এগিয়েছে। ফলে সড়কের পাশাপাশি ওপর দিয়ে যানবাহন পারাপারের কাঠামোও গড়ে উঠছে।
























