দেশের তরুণদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উপযুক্ত অর্থায়ন ও সহায়তা প্রদান করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
আগ্রহী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (www.bb.org.bd), এসএমই (SME) পোর্টাল এবং দেশের সকল তফসিলি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। এছাড়া বিস্তারিত সার্কুলার লিংক নির্দিষ্ট স্থানে যুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। এ ছাড়া ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেয়া অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে দেয়া অর্থের পুরোটা ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, অনুদান নিশ্চিত করতে উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন।






















