দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমায় সার্বিক মূল্যস্ফীতিতে এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমার পরিবর্তে বেড়েছে। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।
এদিকে, অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে গড় মজুরি বৃদ্ধির হারও কমেছে। সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৯০ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
বিবিএসের তথ্য বলছে, টানা তিন মাস ৯ শতাংশের বেশি থাকার পর গত জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমে আসে। এরপর সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবর মাসে আবারও নিম্নমুখী হয়েছে।
খাদ্যপণ্যের দাম বৃদ্ধির চাপ কিছুটা কমায় সার্বিক মূল্যস্ফীতিতে স্বস্তির আভাস মিললেও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বৃদ্ধি এবং মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে।






















