ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৪৭২ নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ভিডব্লিউবি কার্যক্রমের ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে এসব নারীকে নির্বাচিত করা হয়েছে।
নুদান দেওয়ার আগে নির্বাচিত উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বরের সঠিকতা যাচাই করা হবে। এ জন্য অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক-২ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বরের এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে লটারিতে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে। তাদের প্রত্যেককে ব্যবসায়িক অনুদান হিসেবে এককালীন ২০ হাজার টাকা দেওয়ার লক্ষ্যে এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে।
উপজেলা পর্যায়ে হবে যাচাই
নির্বাচিত নারীদের এনআইডি ও বিকাশ নম্বর যাচাইয়ের কাজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে। যাচাই শেষে নির্বাচিত উপকারভোগীদের অনুদানের অর্থ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক (ভিডব্লিউবি) রেবেকা সুলতানা স্বাক্ষরিত ৫ অক্টোবরের আরেকটি চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
চিঠিতে কার্যক্রম অনুবিভাগের অতিরিক্ত সচিব, কার্যক্রম অধিশাখার যুগ্মসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিঅ-২ শাখার উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম পলিসি অফিসারকেও অবহিত করা হয়েছে।






















