মার্কিন ডলার এবং ট্রেজারি বন্ডের সুদের হার হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এ ছাড়া চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রকাশিতব্য কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সুদের হার নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টা ৩২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৭ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৩ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তুলনামূলক দুর্বল ডলার এবং মার্কিন সুদের হার কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে আশার সঞ্চার হয়েছে। ফেডারেল রিজার্ভ কোনও সুস্পষ্ট দিকনির্দেশনা না দেয়ায় সেপ্টেম্বরে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এর সুফল পাচ্ছে স্বর্ণ।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৭ দশমিক ৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৭ দশমিক ৯৪ ডলারে উঠে এসেছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম পড়ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।






















