যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কমার তথ্যে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পেয়েছে। এতে করে গত কয়েকদিনে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল স্বর্ণের দাম। তবে এর পরের দিনই বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১টা ১৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩০ দশমিক ৭০ ডলারে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৩৮৭ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে।
অর্থবিষয়ক কনটেন্ট নেটওয়ার্ক ‘টেস্টিরান’-এর গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নিকট ভবিষ্যতে স্বর্ণের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা না থাকায় বিনিয়োগকারীদের একটি অংশ হয়তো স্বর্ণ থেকে মুনাফা তুলে নিচ্ছে। এখন একটু অস্থিরতা দেখা দিলেও এটি স্বর্ণের বড় ধরনের একটি উত্থানের জন্য পথ তৈরি করে দিতে পারে। দাম যদি ৪ হাজার ৪০০ ডলারের সীমা অতিক্রম করতে পারে, তবে বছরের শেষ নাগাদ এটি ৫ হাজার ডলারে পৌঁছানোও অসম্ভব নয়।’
অন্যান্য ধাতুর মধ্যে, রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ২৫ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম ১ হাজার ৭১৭ দশমিক ৪০ ডলারে স্থিতিশীল ছিল। আর প্যালাডিয়াম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩০৩ দশমিক ৫০ ডলারে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।






















