মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গতকাল বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার ছাড়িয়েছে।
একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডাব্লিউটিআই) দাম। আন্তর্জাতিক বাজারে জ্বালানির এই মূল্যবৃদ্ধি বাংলাদেশের আমদানি ব্যয় বাড়ানোর পাশাপাশি ডিজেল সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও সরকারি ভর্তুকির ওপর নতুন চাপ তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে।
জ্বালানি আমদানিনির্ভর বাংলাদেশের জন্য পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠছে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে জ্বালানি কেনার কারণে। অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশে ডিজেল আমদানির ব্যয় বাড়বে।
একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বৃদ্ধি পাওয়ায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের ব্যয় আরো বাড়তে পারে। এতে একদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আর্থিক চাপ বাড়বে, অন্যদিকে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকির চাহিদাও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালিসিসের (আইইইএফএ) প্রধান বিশ্লেষক শফিকুল আলম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘প্রায় সাড়ে সাত মাসের বেশি সময় ধরে বাংলাদেশ উচ্চমূল্যে জ্বালানি আমদানি করছে। এর মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছেছে, যা আমদানি ব্যয় বাড়িয়ে দেবে।
এর প্রভাব ডিজেলের দামের ওপর পড়বে। ফলে জ্বালানি খাতে খরচ ও ভর্তুকি বাড়ার সম্ভাবনা রয়েছে।’ শফিকুল আলম বলেন, ‘এদিকে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ৩০ ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে আমদানিনির্ভর জ্বালানি খাতের ব্যবস্থাপনা কঠিন হয়ে যাবে। কিছুটা স্বস্তির বিষয় হলো—গরম কমে আসায় বিদ্যুতের চাহিদা কমছে।’
দেশের বাজারে ফের জ্বালানি তেলের দাম বাড়লে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ডিজেলনির্ভর পরিবহন, কৃষি ও শিল্প খাতে। পণ্য পরিবহনের ব্যয় বাড়লে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও তার প্রভাব পড়তে পারে। অন্যদিকে, গ্যাস ও জ্বালানির ব্যয় বাড়লে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পকারখানার পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। এতে উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে তৈরি পোশাকসহ জ্বালানিনির্ভর রপ্তানি শিল্পে উৎপাদন ব্যয় বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উচ্চ জ্বালানি ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
এলএনজি আমদানিতেও বাড়তি চাপ : জ্বালানি তেলের পাশাপাশি এলএনজির উচ্চমূল্যও বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দেশীয় গ্যাসের উৎপাদন দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব না হওয়ায় আমদানি করা এলএনজির ওপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়লে একই পরিমাণ গ্যাস আমদানিতে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়।
এতে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন খাতে চাহিদা পূরণ করা সরকারের জন্য আরো কঠিন হয়ে উঠতে পারে। গ্যাসের ঘাটতি ও উচ্চমূল্য একসঙ্গে কার্যকর থাকলে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। তবে শীতের দিকে তাপমাত্রা কমতে শুরু করায় বিদ্যুতের চাহিদা কিছুটা কমতে পারে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানির চাহিদায় সাময়িক স্বস্তি মিলতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেল ও এলএনজির দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে সেই স্বস্তি আমদানি ব্যয়ের চাপ পুরোপুরি সামাল দিতে পারবে না।
সৌদিতে হামলার পর তেলের বাজারে অস্থিরতা: সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের কাছে হুথি বিদ্রোহীদের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১২.১১ ডলারে দাঁড়ায়। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের ভাসমান সংরক্ষণাগারে থাকা তেলের মজুদ দ্রুত কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ আরো কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পণ্যবাহী জাহাজের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের অপরিশোধিত তেলবিষয়ক প্রধান বিশ্লেষক হোমায়ুন ফালাকশাহি বলেছেন, চীনে পাঠানোর জন্য খালাস করার মতো ইরানের আর কোনো তেল অবশিষ্ট নেই।
বিকল্প উৎস ও দীর্ঘমেয়াদি চুক্তির তাগিদ দিয়ে জ্বালানি বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জন্য বিকল্প সরবরাহ উৎস খোঁজা, দীর্ঘমেয়াদি মূল্যচুক্তি নিশ্চিত করা এবং কৌশলগত জ্বালানি মজুদ বাড়ানোর বিষয়টি আরো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পাশাপাশি আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি ব্যবস্থাপনায় আগাম পরিকল্পনা প্রয়োজন।
সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে অতীতে বিভিন্ন লক্ষ্যমাত্রা ঘোষণা করা হলেও সেগুলোর সব অর্জন করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ, বাস্তবসম্মত পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।






















