দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৮ নভেম্বর) ভরিতে একলাফে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এতে টানা ৩ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা।
শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এদিন সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। তারও আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওইদিন ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী এর মজুরি প্রযোজ্য হবে। আর স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। আর এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। এ ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৪৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৭০ দফায় দাম বাড়ানো হলেও ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে গত বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।






















