চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে শূন্য দশমিক ৬৯ শতাংশ। সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের এই সময়েও এডিপি বাস্তবায়নের হার একইরকম ছিল। তবে ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এ হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ব্যয় করেছে ২ হাজার ১২১ দশমিক ১৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১ হাজার ৬৪৪ দশমিক ৬৬ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারি সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নসহ এডিপিতে ৩ লাখ ৮ হাজার ৯২৪ দশমিক ৮৬ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন ও আইএমইডির কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুর দিকে মন্ত্রণালয় ও বিভাগগুলো সাধারণত প্রস্তুতিমূলক কাজ ও কর্মপরিকল্পনা সাজায়। এ কারণে শুরুর দিকে অর্থব্যয় কম থাকে। তবে পরবর্তী সময়ে ব্যয় ধীরে ধীরে বাড়বে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এডিপির অর্থব্যয় বাড়াতে নির্দেশনা দেয়া হয়েছে।






















