চাঁদাবাজি ও পণ্য চালানে বাধা দেওয়াসহ একাধিক অনিয়মের কারণ দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয় পান রপ্তানিকারক সমিতিকে একটি নিষ্ক্রিয় বাণিজ্য সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
এই ঘোষণার ফলে সমিতিটি আর কোনো কার্যক্রম চালাতে পারবে না বলে ১৮ অক্টোবর জারি করা এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এই পদক্ষেপের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে: রপ্তানি বাধাগ্রস্ত হওয়া এবং পান পাতার চালান কমে যাওয়া, রপ্তানির সময় অপ্রয়োজনীয় বিলম্ব সৃষ্টি হওয়া, সিন্ডিকেট-পরিচালিত চাঁদাবাজির মাধ্যমে রপ্তানি খরচ বৃদ্ধি, চাষিদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা এবং রপ্তানি বাজার সংকুচিত হওয়া।এতে আরও বলা হয়েছে যে, সমিতিটি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, তার বিরুদ্ধেই কাজ করে আসছিল।
৭ অক্টোবর সচিবালয়ে এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার মহাপরিচালক মোহাম্মদ জামাল হায়দার।বাংলাদেশ ফল, সবজি ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর বলেন, রপ্তানিকারকরা এখন আগের মতোই পান পাতা রপ্তানি করতে পারবেন।“পান পাতার রপ্তানি বাড়াতে সরকার একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, যদিও এতে অনেক সময় লেগেছে,” তিনি দি ডেইলি স্টারকে বলেন।
তিনি বলেন, চার দশক ধরে বিএফভিএপিইএ-এর অধীনে পান পাতা রপ্তানি করা হচ্ছে এবং এই উদ্দেশ্যে একটি পৃথক সমিতির প্রয়োজন নেই।“পান রপ্তানিকারক সমিতির লাইসেন্স এর আগেও দুবার বাতিল করা হয়েছিল,” তিনি আরও বলেন।






















