গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে সপ্তাহব্যাপী ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গুলশান ইয়ুথ ক্লাব বাস্কেটবল কমপ্লেক্স, গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে এবং দেশের ক্রীড়াঙ্গনে যুবসমাজের সম্পৃক্ততা ও ক্রীড়া সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব আরও একবার তুলে ধরে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ইফফাত আমবারিন জয়া ও ভাইস চেয়ারম্যান এম. আমীর আলী মোস্তফা, ট্রেজারার রেশাদ হোসেন খান এবং প্রেস, মিডিয়া অ্যান্ড মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। এ ছাড়াও ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ও আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পন্সর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস জেরিন করিম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি ও সিলভার স্পনসর প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মিসেস নাবিলা খালিদ এবং সিলভার স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে গত ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ ক্রীড়া উৎসবে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও অংশগ্রহণকারী অংশ নেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮-বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ এবং আর্ম রেসলিংসহ মোট ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। তিনি বক্তব্যে তরুণ প্রজন্মের নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি ‘উল্লাস ২০২৬’ -এর সফল আয়োজনে মূল্যবান সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্য অংশগ্রহণকারী সব ক্লাব, ক্রীড়াবিদ, সহযোগী প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, সম্মানিত অতিথি এবং স্পনসরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, ‘উল্লাস ২০২৬’ সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য ক্রীড়া উৎসব হিসেবে উদযাপিত হয়েছে, যেখানে বিভিন্ন ক্লাবের অংশগ্রহণকারী ও ক্রীড়াপ্রেমীরা উৎসাহ-উদ্দীপনা, আনন্দ এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবটি উপভোগ করেন।
এছাড়াও, উৎসবটি সফলভাবে আয়োজনের পেছনে আয়োজক কমিটি, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সদস্য এবং সব সহযোগী কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। তাদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা এবং নেপথ্যের গুরুত্বপূর্ণ অবদান ‘উল্লাস ২০২৬’ -এর সফল আয়োজনকে সম্ভব করেছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে উল্লাস ২০২৬-এর উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরেন। আয়োজনটিকে সফল ও সার্থক করে তুলতে মূল্যবান অবদান ও সহযোগিতার জন্য তিনি অংশগ্রহণকারী সব ক্লাব, ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। উপস্থাপিকা শারমিন লাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট পার্পেল হাজ এবং সংগীতশিল্পী মিস দীঠি আনোয়ার। পরবর্তীতে মনোজ্ঞ সংগীতসন্ধ্যা ও নৈশভোজের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধুত্বের আবহে ‘উল্লাস ২০২৬’ অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াপ্রেমীদের জন্য একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়।






















