দীর্ঘদিন দেশের শিল্প ও বেসরকারি খাতের সঙ্গে যুক্ত থেকে বেসরকারি খাতের বিকাশে ভূমিকা রেখে আসছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও শিল্পোদ্যোক্তা। সাক্ষাৎকার নিয়েছেন -তনিমা রহমান
ব্যাংকঋণ ও বিনিয়োগে স্থবিরতা কাটাতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিলেও তা বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোর তৎপরতা নেই বলে মনে করেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ড. এ কে এম সাহিদ রেজা। তাঁর মতে, বন্ধ শিল্পকারখানা চালু ও ঋণ পুনর্গঠনে ব্যাংকারদের গা ছাড়া ভাব রয়েছে। কাজের অগ্রগতি না থাকলেও তাঁদের বেতন-ভাতা ঠিকই চলছে। ফলে উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় তাগিদ তৈরি হচ্ছে না।
সাহিদ রেজা বলেন, সরকার উদ্যোগ নিচ্ছে, বাংলাদেশ ব্যাংক নীতিমালা ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে; কিন্তু বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যাংকগুলোর কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। বাজেটের পর চার মাসে সর্বোচ্চ ৪০০ কোটি টাকার মতো প্রস্তাব বা এক্সিট পরিকল্পনা এসেছে বলে সংবাদপত্রে দেখেছেন তিনি। বন্ধ কারখানা চালুর ক্ষেত্রেও বড় কোনো অগ্রগতির খবর জানা নেই তাঁর। অথচ কারখানা চালু হলে উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে, পাশাপাশি ব্যাংকের ঋণ আদায়ের সম্ভাবনাও তৈরি হবে।
ঋণ নিষ্পত্তিতে দায়ের ঝুঁকি
বন্ধ কারখানা চালুতে ব্যাংকগুলোর অনাগ্রহের পেছনে আর্থিক দায়ের অনিশ্চয়তাও রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, কোনো ঋণের বিপরীতে ব্যাংকের হিসাবে ১০০ টাকা দেখানো থাকলে বাংলাদেশ ব্যাংক ৮০ টাকায় নিষ্পত্তির সুযোগ দিচ্ছে। কিন্তু বাকি ২০ টাকার দায় কে নেবে, তা স্পষ্ট নয়। ঋণ নিষ্পত্তির পর মূলধনে ঘাটতি তৈরি হলে তা কীভাবে পূরণ হবে, সে নিশ্চয়তাও প্রয়োজন। এ কারণে ব্যাংকগুলো ঝুঁকি নিতে চাইছে না।
এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংককে শুধু নির্দেশনা দিলে হবে না, প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত তদারক করতে হবে। কতটি ঋণ পুনর্গঠন বা এক্সিট পরিকল্পনা নিষ্পত্তি হয়েছে এবং কোথায় বাধা রয়েছে, তা পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকের অধীনে কমিটি গঠন করা যেতে পারে। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ
সাহিদ রেজার আশঙ্কা, ঋণ পুনর্গঠন ও বিতর্কিত ঋণের নিষ্পত্তি না হলে খেলাপি ঋণ আরও বাড়বে। তাঁর হিসাবে, প্রায় ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে ৪ লাখ কোটি টাকার মতো বিতর্কিত। এসব ঋণের সঙ্গে জড়িত অনেক মালিক কারাগারে রয়েছেন, কেউ কেউ বিদেশে। নিষ্পত্তি না হলে সুদ যোগ হয়ে ঋণের পরিমাণ বাড়তেই থাকবে।
অন্যদিকে, বাকি প্রায় ২ লাখ কোটি টাকার ঋণের ক্ষেত্রে অনেক উদ্যোক্তা দেশে রয়েছেন এবং তাঁদের ব্যবসাও চালু আছে। এসব ঋণ পুনঃ তফসিল বা পুনর্গঠনের মাধ্যমে আদায় করা সম্ভব বলে মনে করেন তিনি। তাঁর মতে, শুধু খেলাপি ঋণের হিসাব না করে যেসব প্রতিষ্ঠান পুনরায় চালু করা সম্ভব, সেগুলোকে উৎপাদনে ফেরানোর উদ্যোগ নিতে হবে।
বিনিয়োগে গতি ফেরাতে উৎপাদন বাড়াতে হবে
নতুন বিনিয়োগের জন্য বড় ঋণের চাহিদা তৈরি হচ্ছে না বলে জানান সাহিদ রেজা। গ্যাস ও মানসম্মত বিদ্যুতের অনিশ্চয়তায় বড় ব্যবসায়িক প্রস্তাব আসছে না, কমেছে শিল্পকারখানার যন্ত্রাংশ আমদানিও। জীবনযাত্রার ব্যয় বাড়ায় টেলিভিশন ও ফ্রিজের মতো পণ্যের বিক্রি কমেছে। আবাসন খাতেও স্থবিরতা রয়েছে। ফলে উৎপাদন ও ভোগ-দুই ক্ষেত্রেই অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, মূল্যস্ফীতি বেশি থাকায় সুদহার দ্রুত কমানোর সুযোগ সীমিত। তাই উচ্চ সুদহার নিয়ে আলোচনার পাশাপাশি বন্ধ শিল্পকারখানা চালুর ওপর গুরুত্ব দিতে হবে। উৎপাদন না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না, অর্থনীতিতেও গতি ফিরবে না। ব্যাংকগুলোর দায়িত্বশীলতা, বাংলাদেশ ব্যাংকের কার্যকর তদারকি এবং ঋণ পুনর্গঠনের উদ্যোগ একসঙ্গে এগিয়ে নিতে হবে। অন্যথায় প্রণোদনা প্যাকেজের কাক্সিক্ষত সুফল পাওয়া কঠিন হবে।






















