মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় ন্যূনতম মজুরি বোর্ডের আজকের নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিএমইএ এবং বিকেএমইএ-র যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ন্যূনতম মজুরি বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং উক্ত সভায় মালিকপক্ষের প্রস্তাব দাখিলের দিন নির্ধারিত ছিল। প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। কিন্তু শ্রমিক প্রতিনিধির হঠাৎ অসুস্থতার কারণে আজকের সভাটি স্থগিত করতে হয়।
মালিকপক্ষ আশা প্রকাশ করেছে যে, প্রক্রিয়াটি দ্রুত গতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেয়ার সময় পাবে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম যৌথভাবে শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং অনতিবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন।






















