মধ্যপ্রাচ্যে সংঘাত ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৪ ডলার ৩৫ সেন্ট বা ৪ শতাংশ বেড়ে ১১৩ ডলার ১৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ ডলার ৩২ সেন্ট বা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ৪৭ সেন্ট হয়েছে।Pl
ব্রেন্ট ক্রুডের এই সমাপনী দর গত ৪ মে-র পর সর্বোচ্চ। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো তেলটির দাম কারিগরিভাবে অতিরিক্ত ক্রয়চাপের অঞ্চলেও প্রবেশ করেছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে উদ্বেগ
সৌদি আরবের তেল অবকাঠামোয় হুতিদের হামলা এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ হামলা নিয়ে আলোচনায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশ্লেষকেরা এক নোটে বলেছেন, এসব ভূরাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দামে অতিরিক্ত মূল্য যুক্ত হয়েছে।
পরিশোধন খাতে মুনাফা বেড়েছে
এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিশোধনকারী প্রতিষ্ঠান ভ্যালেরো এনার্জি বৃহস্পতিবার চলতি মৌসুমে দেশটির শোধনাগারগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশের সূচনা করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে ইতিহাসের সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা করেছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইউক্রেনের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় তৃতীয় প্রান্তিকে পরিশোধিত জ্বালানির মুনাফার ব্যবধান বেড়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহের ওপর চাপ বজায় থাকতে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্র: রয়টার্স






















