প্রণোদনার ঋণ পেতে শর্ত শিথিলের পাশাপাশি খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ টাকা জমা দেওয়ার বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠকে এ দাবি জানান তাঁরা।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বন্ধ কারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে দীর্ঘসূত্রতা ও নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হতে দীর্ঘসূত্রতা, অতিরিক্ত কাগজপত্র চাওয়া এবং ঋণের আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। সে জন্য তাঁরা আবেদন দ্রুত নিষ্পত্তি করে ঋণ ছাড়ের দাবি জানিয়েছেন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ চেম্বার অব অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ ও মো. সরোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। এসব কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালায় ঘাটতি বা অস্পষ্টতা আছে কি না, তা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতে ঝুঁকি বাড়ছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে বিকল্প জ্বালানির খরচ। একই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা কম দামে পণ্য নেওয়ার চাপ দিচ্ছেন। অন্যদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। ফলে দেশের প্রধান রপ্তানি খাত এখন একসঙ্গে তিন চাপে—অর্ডারে ধাক্কা, উৎপাদন ব্যয়ে চাপ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আশিকুর রহমান তুহিন কালের কণ্ঠকে বলেন, ‘একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন। পশ্চিমা বাজারে চাহিদা কমে যাওয়ায় অনেক ক্রেতা আগের চেয়ে কম দামে পোশাক কিনতে চাইছেন। এতে রপ্তানিকারকদের মুনাফা মার্জিন ক্রমেই সংকুচিত হচ্ছে।’
অর্ডারে ধাক্কা : পোশাক খাতে এখন সবচেয়ে বড় উদ্বেগের একটি হলো ক্রেতাদের অর্ডার ধরে রাখা। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাম্প্রতিক জরিপে ৫৫ শতাংশ নিট পোশাক কারখানা জানিয়েছে, বিদেশি ক্রেতারা তাঁদের অর্ডার কমিয়েছেন বা বাতিল করেছেন।
উৎপাদন ব্যাহত হওয়ায় ৮৭ শতাংশ কারখানা পণ্য পাঠাতে বিলম্বের মুখে পড়েছে। এর ফলে সময়মতো সরবরাহ করতে না পারার ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক পোশাক ব্যবসায় নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো গুরুত্বপূর্ণ হওয়ায় এ পরিস্থিতি ক্রেতাদের আস্থায় চাপ তৈরি করতে পারে।
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানও বলেছেন, কিছু আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ড সরবরাহ ঝুঁকি কমাতে বিভিন্ন দেশ থেকে পণ্য সংগ্রহ করছে। এর ফলে বাংলাদেশের কিছু অর্ডার অন্য দেশে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশের সব পোশাকের অর্ডার ব্যাপকভাবে অন্য দেশে চলে যাচ্ছে। বরং ক্রেতারা এখন সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্য তৈরি করছেন এবং বিকল্প দেশগুলোর সক্ষমতা যাচাই করছেন। এই প্রবণতাই বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা।
জ্বালানির সংকটে বাড়ছে খরচ : অর্ডারের পাশাপাশি উৎপাদন ব্যয়ও বড় সমস্যা হয়ে উঠেছে। বিকেএমইএর জরিপে ৭৮ শতাংশ নিট পোশাক কারখানা জানিয়েছে, জ্বালানির সংকটের কারণে তাদের আংশিক উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। প্রায় ৯০ শতাংশ কারখানা বিদ্যুৎ ঘাটতির কথা বলেছে।
গ্যাসের সরবরাহ কম থাকায় অনেক কারখানাকে ডিজেলচালিত জেনারেটর ও এলপিজি ব্যবহার করে উৎপাদন চালাতে হচ্ছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি বাবদ ব্যয় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে উৎপাদন সক্ষমতাও কমছে।
বাড়তি এই ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ খুব সীমিত। বরং মূল্যস্ফীতি ও অতিরিক্ত মজুদের অজুহাতে ব্র্যান্ডগুলো কম দামে পণ্য কিনতে চাইছে। ফলে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না। এতে রপ্তানিকারকদের মুনাফার মার্জিন সংকুচিত হচ্ছে।
জানতে চাইলে নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কালের কণ্ঠকে বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা এখন আমাদের সবচেয়ে বড় উদ্বেগ। উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক কারখানা সময়মতো সরবরাহ করতে পারছে না। এর প্রভাব এরই মধ্যে অর্ডার, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতার ওপর পড়ছে।’
তিনি আরো বলেন, ‘ক্রেতারা এখন দামের চেয়ে নির্ভরযোগ্য সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জ্বালানির সংকট দীর্ঘ হলে অর্ডার ধরে রাখা কঠিন হবে এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলো সেই সুযোগ কাজে লাগাবে।’
যুক্তরাষ্ট্রের বাজারে সতর্কসংকেত : বাংলাদেশের পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্রের বাজারের সাম্প্রতিক তথ্যও সতর্ক হওয়ার মতো। মার্কিন বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুলাই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪৯৬ কোটি ডলার থেকে কমে প্রায় ৪৬৫ কোটি ডলারে নেমেছে।
তবে বাংলাদেশের অবস্থান পুরোপুরি দুর্বল হয়ে গেছে—এমন চিত্রও নেই। একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানিও কমেছে। চীনের রপ্তানিতে বড় পতন হয়েছে। ফলে সংকুচিত বাজারে বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে রয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাবের সভাপতি ও সিপিডির সাবেক গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম কালের কণ্ঠকে বলেন, চীনের হারানো বাজারের পুরো সুবিধা বাংলাদেশ নিতে পারেনি। ভিয়েতনাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এবং ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশ কিছু ক্ষেত্রে প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এতে একটি বিষয় স্পষ্ট, বৈশ্বিক বাজার সংকুচিত হলেও প্রতিযোগিতা কমছে না; বরং সীমিত বাজারের জন্য প্রতিযোগিতা আরো তীব্র হচ্ছে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতের বর্তমান চ্যালেঞ্জ শুধু অস্থায়ী জ্বালানিসংকট নয়; উৎপাদন ব্যয় বৃদ্ধি, দীর্ঘ লিড টাইম এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির কারণে প্রতিযোগিতা আরো কঠিন হচ্ছে। এখনই উৎপাদনশীলতা ও সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়ানো না গেলে বাজার হিস্যা ধরে রাখা কঠিন হবে।’
কর্মসংস্থানে মিশ্র চিত্র : পোশাক খাতে চাপ বাড়লেও কর্মসংস্থানের চিত্র পুরোপুরি নেতিবাচক নয়। বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন কারণে ৩০টি কারখানা বন্ধ হয়েছে। এতে প্রায় ১৪ হাজার শ্রমিকের চাকরি গেছে। অন্যদিকে একই সময়ে ৫৩টি নতুন কারখানা বিজিএমইএর সদস্য পদ পেয়েছে। এসব কারখানায় প্রায় ২৪ হাজার কর্মী কাজ করছেন। অর্থাৎ কিছু কারখানা বন্ধ হলেও নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে উৎপাদন ব্যাহত হলে নতুন বিনিয়োগের গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সামনে বড় পরীক্ষা : পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে শুধু জ্বালানির সংকট দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বৈশ্বিক চাহিদা, ক্রেতাদের মূল্যচাপ, উচ্চ সুদহার, লজিস্টিকস ব্যয় এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সক্ষমতা—সব কটি বিষয় একসঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে প্রভাবিত করছে।
তাই শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রথম কাজ হওয়া উচিত নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি বন্দর ও কাস্টমস ব্যবস্থার দক্ষতা বাড়িয়ে লিড টাইম কমাতে হবে। দীর্ঘ মেয়াদে শুধু কম খরচের পোশাক উৎপাদনের ওপর নির্ভর না করে কৃত্রিম তন্তু, উচ্চমূল্যের পোশাক এবং নতুন পণ্যে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাইরে নতুন বাজার তৈরির উদ্যোগও জোরদার করা দরকার।
এলডিসি উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য সুবিধার কিছু পরিবর্তন আসবে। ফলে এখন থেকেই উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো জরুরি।






















