দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে কমিশনের চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বেসরকারি খাতের বিকাশে পুঁজিবাজারের ভূমিকা বাড়ানো এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবির সহযোগিতামূলক উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেয় বিএসইসি।
বৈঠকে এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান টাকেও কোইকে। প্রতিনিধিদলে আরও ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- কমিশনার তানভীর হাবিব রহমান ও কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






















