আশানুরূপ বৃষ্টিপাতের কারণে চলতি বছরের প্রথম আট মাসে দেশে চা উৎপাদন প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবে উৎপাদন বাড়লেও নিলামে চায়ের দাম ছিল বেশি।
খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ড হতে পারে। তাদের মতে, সরকারের ন্যূনতম নিলামমূল্য নির্ধারণের নীতির কারণে উৎপাদন বাড়লেও চায়ের দাম ধরে রাখা সম্ভব হয়েছে। এতে চলতি বছর চা খাতের জন্য ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বৃষ্টিপাত বৃদ্ধি, অনুকূল প্রাকৃতিক পরিবেশ, চা বোর্ডের তদারকি এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) দিকনির্দেশনা উৎপাদন বাড়াতে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ‘এ বছর বৃষ্টিপাতও অনুকূলে ছিল। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে ১০৫ মিলিয়ন কেজি চা উৎপাদনের আশা করছি। এর আগের রেকর্ড ছিল ১০৩ মিলিয়ন কেজি।’
এর আগে ২০২৩ সালে দেশে ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার কেজি চা (১০২.৯২ মিলিয়ন) উৎপাদিত হয়েছিল, যা ছিল সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।
উৎপাদন ও বৃষ্টিপাতের চিত্র
বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রথম আট মাসে দেশে মোট ৫ কোটি ৭৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছরের একই সময়ে উৎপাদন হয়েছিল ৪ কোটি ৯৫ লাখ কেজি। অর্থাৎ, উৎপাদন বেড়েছে প্রায় ১৭ শতাংশ। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত জানুয়ারি-আগস্ট সময়ে এটিই সর্বোচ্চ চা উৎপাদন।
এ বছর বৃষ্টিপাতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্যতম প্রধান চা উৎপাদন অঞ্চল শ্রীমঙ্গলে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২ হাজার ৬২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২০২৫ সালের একই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ হাজার ৫৯৭ মিলিমিটার। অর্থাৎ, বৃষ্টিপাত বেড়েছে ৬৪ শতাংশ।
উৎপাদন বাড়ার পেছনে চা বোর্ডের উন্নত তদারকি ও কারিগরি সহায়তাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন বোর্ডের কর্মকর্তারা।
চা বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ‘আগে কারখানা থেকে কিছু চা সরাসরি কালোবাজারে বিক্রি হতো। এ কারণে কয়েকটি বাগানের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার করা হয়েছে।’
বাড়তি উৎপাদনেও নিলামে দাম ধরে রেখেছে চা
আগের বছরগুলোতে চায়ের উৎপাদন বাড়লে নিলামে দাম কমে যাওয়ার নজির ছিল। তবে সরকার ন্যূনতম নিলামমূল্য নির্ধারণ করে দেওয়ায় এবার সরবরাহ বাড়লেও চায়ের দাম বেশি রয়েছে।
চা বোর্ডের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৬টি নিলামে ৫ কোটি ১৯ লাখ কেজি চা বিক্রি হয়েছে। এর মোট মূল্য ১ হাজার ৪৬৩ কোটি টাকা। সে হিসাবে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ২৮২ টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় নিলামে চা বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ২৪ শতাংশ। আর বিক্রির মোট মূল্য বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।
উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নিলামে কম দাম পাওয়ায় গত এক দশকে আর্থিক সংকটে পড়েছিল চা খাত। এ কারণে অনেক বাগান ঋণ পরিশোধ, শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া এবং উৎপাদনে নতুন করে বিনিয়োগ করতে হিমশিম খাচ্ছিল।
২০২৪ সালের মার্চে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ নিলাম মৌসুমের প্রথম ২০টি নিলামে পরীক্ষামূলকভাবে ন্যূনতম মূল্য নির্ধারণ করে চা বোর্ড। ইতিবাচক ফল পাওয়ায় ২০২৫ সালের মে মাসে এ নীতি সারা দেশে কার্যকর করা হয়।
চা বোর্ডের তথ্যমতে, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ নিলাম বছরের মধ্যে নিলামে চায়ের বার্ষিক বিক্রি প্রায় ৫৬২ কোটি টাকা বেড়েছে। একই সময়ে চায়ের গড় দামও বেড়েছে।
ফিনলে টি কোম্পানির চিফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী টিবিএসকে বলেন, ‘আমার মনে হয় না, এ বছর চা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। তবে ন্যূনতম নিলামমূল্য নির্ধারণ করা থাকায় চায়ের দাম বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা কম।’
ভালো আয়ের আশা চা খাতে
চা বোর্ডের তথ্যমতে, দেশে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা ১৭২। এ ছাড়া উত্তরাঞ্চল ও পার্বত্য দুই জেলায় ক্ষুদ্র চাষিরাও চা চাষ করেন।
২০২৫ সালে দেশের মোট চা উৎপাদনের ৪৭ শতাংশ এসেছে মৌলভীবাজার জেলা থেকে। অন্যদিকে, পঞ্চগড়ের নেতৃত্বে উত্তরাঞ্চলের পাঁচটি জেলা থেকে উৎপাদিত হয়েছে মোট চায়ের প্রায় ২১ শতাংশ।
মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানিয়েছেন, উৎপাদন খরচের চেয়েও কম দামে চা বিক্রি করতে হওয়ায় অনেক বাগান বছরের পর বছর আর্থিক সংকটে ছিল।
তিনি বলেন, ‘চায়ের দাম বাড়ায় বাগানগুলো আবার সচল হচ্ছে এবং এ খাত ঘুরে দাঁড়াচ্ছে। চায়ের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা করছি না। দেশে চায়ের চাহিদাও বাড়ছে।’






















