সংস্থাটি বলছে, বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত কমে ৭ শতাংশে নেমেছে, যা বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের মধ্যে রয়েছে।
বাংলাদেশের প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি ও আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সংস্থাটি বলছে, বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত কমে ৭ শতাংশে নেমেছে, যা বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের মধ্যে রয়েছে। একই সঙ্গে আর্থিক খাতের বিদ্যমান বড় সমস্যাগুলো সমাধানে কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালী জৈন-চন্দ্র।
তিনি বলেন, “আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কারগুলোও যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।”
সোনালী জৈন-চন্দ্র জানান, বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করছে আইএমএফ। একই সঙ্গে এসব সংস্কারের অগ্রগতিও পর্যালোচনা করছে সংস্থাটি।






















