বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) নারীর স্বাস্থ্যের উন্নয়ন ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।
শনিবার গভীর রাতে এখান থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নারী স্বাস্থ্য উদ্যোগ’ নামক কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে প্রায় ৪৭ মিলিয়ন নারী ও কিশোরীর কাছে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন (ডব্লিউএইচএস) ২০২৬ উপলক্ষে শনিবার জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘নারীর স্বাস্থ্য এবং স্বাস্থ্যসেবার স্থিতিস্থাপকতা বৃদ্ধি’ শীর্ষক এক সভায় উদ্যোগটি উন্মোচন করা হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হুসাইন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
এই কর্মসূচি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা, জরায়ু ও স্তন ক্যান্সারের চিকিৎসা এবং জরুরি প্রসূতি সেবার উন্নতি ঘটাবে। এটি প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেলা হাসপাতাল, রোগী স্থানান্তর ও রেফারেল ব্যবস্থা এবং নিবিড় পরিচর্যা সেবাকেও শক্তিশালী করবে।
এই উদ্যোগটি ভবিষ্যতে মহামারী এবং অন্যান্য স্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবেলার প্রস্তুতিতেও সহায়তা করবে।
সভা চলাকালে সরদার মো. সাখাওয়াত হুসাইন বলেন যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার রোগ প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সঙ্গে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,” স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এই বিনিয়োগ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চিকিৎসা-কেন্দ্রিক মডেল থেকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়ন-কেন্দ্রিক মডেলে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইআইবি-র ভাইস-প্রেসিডেন্ট মারেক মোরা বলেছেন, নারীর স্বাস্থ্যে বিনিয়োগ করার অর্থ হলো আরও শক্তিশালী পরিবার, আরও স্থিতিস্থাপক সম্প্রদায় এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করা।
ইউএনএফপিএ এবং এর উদ্ভাবনী কর্মসূচি ‘উইমেনএক্স কালেক্টিভ’ এই কার্যক্রমটির উন্নয়নে সহায়তা করেছে এবং বাস্তবায়ন পর্যায়ে কারিগরি সহায়তাও প্রদান করবে।
ইউএনএফপিএ-র নির্বাহী পরিচালক ডিয়েন কেইটা বলেছেন, নারী স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অর্থায়নের ঘাটতি পূরণে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ।
“এর মাধ্যমে লক্ষ লক্ষ নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবায় দীর্ঘস্থায়ী উন্নতি আনা সম্ভব হবে,” কেইটা বলেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যখাতের সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ সরকার স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় জিডিপির ১ শতাংশ থেকে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে।
এছাড়াও এক লক্ষ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ শতাংশ হবেন নারী। এর পাশাপাশি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২৫ হাজার পেশাদার ধাত্রী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইউএনএফপিএ এই কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদানের জন্য অনুদান হিসেবে কমপক্ষে ২৫ মিলিয়ন ইউরো সংগ্রহ করছে। জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এবং বেসরকারি খাতের অংশীদাররাও এই উদ্যোগকে সমর্থন করছে।
বাংলাদেশ সরকার আজ বার্লিনে অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন ২০২৬-এর একটি প্যানেল আলোচনায় উদ্যোগটি উপস্থাপন করবে।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) হলো ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নকারী শাখা, যা ২৭টি সদস্য রাষ্ট্রের মালিকানাধীন এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
অন্যদিকে, ইউএনএফপিএ হলো জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে নারী, মেয়ে ও তরুণ-তরুণীদের অধিকার ও পছন্দ সমুন্নত রাখতে কাজ করে। বাংলাদেশ সরকারের সাথে এর অংশীদারিত্ব ১৯৭৪ সাল থেকে চলে আসছে।






















