দুই দিন বন্ধ থাকার পর প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা পুরোপুরি চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী সংস্থা আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক সেবাদানকারী বাণিজ্যিক ব্যাংক বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার এক ক্ষুদে বার্তায় জানানো হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল রয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করার কথাও জানানো হয়।
তবে বন্ধ থাকা সেবা দ্রুত চালুর জন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।






















