জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নজরুল পদক-২০২৬’ পেয়েছেন নজরুল-গবেষক আবদুল হাই শিকদার এবং নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে নজরুলজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পদক তুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পদকের জন্য আবদুল হাই শিকদার ও শবনম মুশতারীর নাম চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর নজরুলচর্চার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের ‘নজরুল পদক’ দিয়ে সম্মানিত করে থাকে। সাধারণত নজরুল সংগীত ও নজরুল গবেষণা এই দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়। এবার গবেষণা বিভাগে পদকের জন্য নির্বাচিত হয়েছেন নজরুল-গবেষক আবদুল হাই শিকদার। নজরুল গবেষণার পাশাপাশি তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সংগীত বিভাগে পদক পেয়েছেন দেশের স্বনামধন্য নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী। দীর্ঘদিন ধরে নজরুল-সংগীত চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এনএ
























