নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি, তালবাড়িয়া, মাউলি (কেটিএম) মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার ও সমাজসেবক মো. হাসিবুর রহমান।
মো. হাসিবুর রহমান বর্তমানে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি’র নড়াইল শাখায় সিনিয়র অফিসার (আইটি) পদে কর্মরত আছেন। তিনি দক্ষিণ লোহাগড়ার তলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. আকতার হোসেন (সার্ভেয়ার)-এর চার ছেলের মধ্যে কনিষ্ঠ।
শিক্ষাজীবনে মেধাবী ও চৌকস হাসিবুর রহমান ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকেও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি বিএড, ব্যাংকিং ডিপ্লোমাসহ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি নবগঙ্গা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, মাতৃছায়া প্রিক্যাডেট স্কুলের সভাপতি এবং দ্য ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লোহাগড়ার ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেটিএম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, একজন শিক্ষানুরাগী, বিনয়ী ও যোগ্য ব্যক্তিত্ব এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক উন্নয়নে হাসিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।




















