দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।
নতুন শনাক্তদের মধ্যে ৬০ শতাংশই পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনকারী (এমএসএম) এবং পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ)। এছাড়া আক্রান্তদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। একই সময়ে এইচআইভি-সম্পর্কিত মৃত্যুও বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে ২৫৪ জনের মৃত্যু হলেও ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮৫ জনে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব এইডস দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সেবা বাড়াই, এইডস কমাই’।
ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে নতুন করে ২ হাজার ৩০৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়।
দেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে এ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে ১৬ হাজার ৬১৮ জনকে। অর্থাৎ এখনও প্রায় ৩ হাজার ২০০ জন আক্রান্ত ব্যক্তি শনাক্তের বাইরে রয়ে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে নতুন শনাক্তদের ৮৫ শতাংশ পুরুষ এবং ১৫ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে ৪৮ শতাংশ বিবাহিত এবং সমপরিমাণ ৪৮ শতাংশ অবিবাহিত। বয়সভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। এ ছাড়া ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণ শনাক্তের হার ২৪ শতাংশ।
জনগোষ্ঠীভিত্তিক হিসাবে নতুন শনাক্তদের মধ্যে পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্ক স্থাপনকারী (এমএসএম) ও পুরুষ যৌনকর্মীদের (এমএসডব্লিউ) হার ৬০ শতাংশ। এর মধ্যে এককভাবে এমএসএম ৫০ শতাংশ এবং এমএসডব্লিউ ১০ শতাংশ।
এ ছাড়া বিদেশফেরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) মধ্যে ৫ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারীদের মধ্যে ৪ শতাংশ, নারী যৌনকর্মীদের মধ্যে ১ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ১ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি ১৮ শতাংশ অন্যান্য জনগোষ্ঠীর।
গত বছর শনাক্তদের মধ্যে এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর হার ছিল প্রায় ৪৯ শতাংশ, যা এক বছরের ব্যবধানে বেড়ে ৬০ শতাংশ হওয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান, এ জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে নতুন শনাক্ত ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) থেরাপির মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রেখে অন্যদের মাঝে ছড়ানোর ঝুঁকি অনেকটাই কমানো যায়।
বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার শূন্য দশমিক ০১ শতাংশের নিচে রয়েছে। তবে সাধারণ জনগোষ্ঠীতে সংক্রমণের হার কম থাকলেও নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি।
বর্তমানে সরকারি অর্থায়নে ২০টি জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষাকেন্দ্র এবং ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি আটটি এনজিওর ড্রপ-ইন সেন্টারের মাধ্যমেও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
দেশে বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি সরকারিভাবে বিনামূল্যে নিয়মিত এআরভি ওষুধ পাচ্ছেন। ২০১৭ সাল থেকে আক্রান্তদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করছে।
এদিকে সারা দেশের ৬৪ জেলাতেই এইচআইভি পরীক্ষাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে পরীক্ষার ব্যবস্থা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের একটি প্রকল্প (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নীতিগত অনুমোদন পেয়েছে।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি ও যৌনবাহিত রোগ প্রতিরোধে দ্য গ্লোবাল ফান্ডের সহায়তায় দেশের ৪২টি জেলায় কার্যক্রম চলছে। এর আওতায় প্রায় ১ লাখ ৪৫ হাজার মানুষকে সেবা দেওয়ার উদ্যোগ রয়েছে। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন এবং আইসিডিডিআর,বি এসব কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই কর্মসূচির আওতায় ৩৮টি জেলায় ২৯ হাজার ৮৯৭ জন শিরায় মাদক গ্রহণকারী, ২৯টি জেলায় ৮২ হাজার ২০৫ জন এমএসএম/এমএসডব্লিউ, ১৪টি জেলায় ২৫ হাজার ৫৭৩ জন নারী যৌনকর্মী এবং ২৯টি জেলায় ৬ হাজার ৯৯৫ জন হিজড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে এইচআইভি প্রতিরোধসামগ্রী বিতরণ, পরীক্ষা, আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, সহকর্মীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং আচরণ পরিবর্তনমূলক কার্যক্রম।
এছাড়া দেশের ১১টি জেলার ১২টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ এবং জেলা লিগ্যাল এইড কমিটিগুলোর ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।





















